• SIR-এর শুনানি পর্বে বাদ আরও ৫ লক্ষ নাম, তালিকায় Deleted দেখলে কী করবেন?
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • শনিবার প্রকাশিত হলো রাজ্যের চূড়ান্ত ভোটার ( sir final list west bengal ) তালিকা। এ দিন বিকেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল জানালেন, SIR-এ শুনানি পর্বের পরে এখনও পর্যন্ত ৫ লক্ষ নাম বাদ গিয়েছে। বাকি প্রায় ৬৫ লক্ষ নাম বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে কমিশন। ভোটার তালিকায় তাঁদের নামের উপরে ‘Adjudication’ লেখা রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্ধারিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের টিমের নথি যাচাইয়ের পরে ‘যোগ্য’ ভোটারদের নাম ধাপে ধাপে ভোটার তালিকায় যুক্ত হবে।

    রাজ্যের CEO দপ্তর এ দিন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা ( west bengal sir final list ) প্রকাশের পরে বাদ পড়ল মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। এর আগে মৃত, ভুয়ো ও স্থানান্তরিত ভোটার হিসেবে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। SIR-এর শুনানি পর্বের পরে অযোগ্য ভোটার হিসেবে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। SIR-এর পরে রাজ্যের মোট ভোটার সংখ্যা বর্তমানে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। এর বাইরে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের ভোটারের নাম ‘বিচারাধীন’ রয়েছে।

    রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল বলেন, ‘যে নামগুলি বিচারাধীন রয়েছে, সেগুলির নথি যাচাইয়ের কাজ চলছে বর্তমানে। এই কাজ যত দ্রুত সম্ভব মেটানোর চেষ্টা চলছে।’ এর পরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আপডেট করে বাকি ‘যোগ্য’ ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত করা হবে।

    শনিবার যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে, সেখানে নামের উপরে ‘Deleted’ দেখালে কী করণীয়? CEO দপ্তর জানিয়েছে, যদিও সেই ভোটার মনে করেন, ভুল করে তাঁর নাম বাদ চলে গিয়েছে, তা হলে তিনি Form 6-এর মাধ্যমে ফের আবেদন করতে পাবেন। তাঁর নথি যাচাইয়ের পরে নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

  • Link to this news (এই সময়)