• ‘আমরা উদ্বিগ্ন’, ইরানের বিদেশমন্ত্রীকে ফোন জয়শঙ্করের, কূটনৈতিক পথে সমস্যা সমাধানের বার্তা
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • ইরানে একের পর এক হামলা চালাচ্ছে ইজ়রায়েল। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে একাধিক সামরিক কাঠামো। পাল্টা হামলা শুরু করে ইরানও। বাহারিনে আমেরিকার নৌঘাঁটির পঞ্চম নৌবহরের সদর দপ্তর তছনছ হয়ে গিয়েছে। এই আবহে শনিবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির (Iranian Foreign Minister Seyed Abbas Araghchi) সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S. Jaishankar)। পশ্চিম এশিয়ার (Middle East) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তাও দিয়েছেন।

    একাধিক জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ দিন রাতে আরাঘচিকে ফোন করেন জয়শঙ্কর। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সেখানেই সাধারণ মানুষের নিরাপত্তার উপরে জোর দেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার বার্তাও দেন জয়শঙ্কর। পরে বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনায় নয়াদিল্লি গভীর ভাবে উদ্বিগ্ন।’ ইরানে থাকা ভারতীয়দের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে দূতাবাস।

    উল্লেখ্য, এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ প্রথম মিসাইলটি আছড়ে পড়ে তেহরানের জোমহুরি স্ক্যোয়ারের একটি আবাসনে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যায় হাসান আবাদ স্ক্যোয়ার থেকেও। কেঁপে ওঠে একটি সরকারি ভবন। শহরের কেন্দ্রস্থল পাস্তুর স্ট্রিট সংলগ্ন এলাকাতেও হামলা চালায় ইজ়রায়েল। বসে নেই ইরানও। তেহরানের তিনটি এলাকায় হামলার পরেই বাহরিনে আমেরিকার নৌঘাঁটিতে মিসাইল হামলা করেছে ইরান। বাহরিন সরকারের তরফে জানানো হয়েছে, প্রথমে ইজ়রায়েলের দিকে ৩০ থেকে ৩৫টি মিসাইল নিক্ষেপ করা হয়। তার পরে মিসাইল আছড়ে পড়ে আমেরিকার নৌবাহিনীর পঞ্চম নৌবহরে।

    শুধু বাহারিন নয়, কাতার, কুয়েত এবং জর্ডানের মতো দেশেও আমেরিকার নৌঘাঁটি রয়েছে। সেখানেও ইরান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিশেষ করে কাতারের Al Udeid Air Base, কুয়েতের Al Salem Air Base, এবং জর্ডানের Muwaffaq al-Salti Air Base-এ যে কোনও সময়ে হামলা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    ইরানের সাধারণ মানুষের কাছে সরকার বদলের ডাক দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘এ বার সরকারের দখল নিন। বহু বছর ধরে আপনারা আমেরিকার সাহায্য চেয়েছেন। এটাই আপনাদের সুযোগ।’ একই সুরে ইরানবাসীর কাছে আহ্বান জানিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইরানবাসী যাতে সরকারের দখল নিতে পারে, সেই পরিবেশ আমরা তৈরি করে দেব।’

  • Link to this news (এই সময়)