পশ্চিমবঙ্গের SIR 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা (Final Electoral Roll) প্রকাশিত হলো শনিবার। তালিকায় নাম রয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন ভোটারের। বাদ পড়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। ৬০ লক্ষেরও বেশি নাম এখনও ‘Adjudication’। যাঁদের নামের পাশে ‘Adjudication’ লেখা, তাঁদের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। ৫৮ লক্ষেরও বেশি এনিউমারেশন ফর্ম জমা পড়েনি। ফর্ম ৭-এ নাম বাদ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। ফর্ম ৬-র মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। কিন্তু এ দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, বহু BLOর নামের পাশে Adjudication লেখা রয়েছে।
অর্থাৎ গোটা SIR প্রক্রিয়ার মূল কারিগর হিসেবে যাঁরা কাজ করেছেন, নথি সংগ্রহ থেকে ফর্ম ফিলআপ, তথ্য আপলোডিং, সমস্ত কাজ যাঁরা করেছেন— তাঁদের অস্তিত্বই এ বার প্রশ্নের মুখে। প্রয়োজনীয় নথি দেওয়ার পরেও Adjudication বা বিবেচনাধীনের তালিকায় নাম রয়েছে ১৭২ নম্বর হাওড়া শিবপুর বিধানসভার ৭৬ নম্বর পার্টের BLO, ১২০ দেগঙ্গা বিধানসভা পার্ট ৬-এর দায়িত্বপ্রাপ্ত BLO, বসিরহাট-১ ব্লকের ৮৪ নম্বর বুথের BLO, বসিরহাট-১ ব্লকের ১১৭ নম্বর বুথের BLO, সিউড়ি বিধানসভার ছোটো আলুন্দা ১২০ পার্টের BLO, কাটোয়া-১ ব্লকের ১০ নম্বর বুথের BLO-র। প্রাথমিক ভাবে এই নামগুলি সামনে এলেও তালিকা আরও দীর্ঘ বলেই মনে করা হচ্ছে।
এ দিন ভোটার তালিকা প্রকাশের পরে একটি সমস্যা হয়। অনলাইনে তালিকা দেখতে হিমশিম খেতে হয় ভোটারদের। কমিশনের সার্ভার ডাউনের খবরও উঠে আসে। যদিও বিকেলের পরে সাংবাদিক সম্মেলনে CEO মনোজকুমার আগরওয়াল জানান, বিকেল সাড়ে ৫টার পরে সব পিডিএফ পেয়ে যাবেন অনলাইনে। সন্ধে গড়ালেও নাম খুঁজতে বেগ পেতে হয় বহু ভোটারকে।
২৬-এর ভোটে পাখির চোখ ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভা। একটি কেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যটি শুভেন্দু অধিকারীর। ভবানীপুর কেন্দ্রে নতুন করে নাম বাদ গিয়েছে ২ হাজার ৩৪২ জনের। এর আগে খসড়া তালিকাতেও বহু নাম বাদ পড়েছে। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে চূড়ান্ত তালিকায় নতুন করে বাদ গিয়েছে ৩৯৭ জনের নাম। বহু নাম খসড়াতেও বাদ যায়।