• হোলিতে কলকাতা মেট্রোর সময়সূচি বদল, কোন লাইনে কখন চলবে ট্রেন?
    আজ তক | ০১ মার্চ ২০২৬
  • Kolkata Metro Holi Timetable: দোলযাত্রা উপলক্ষে আগামী ৩ মার্চ, মঙ্গলবার কলকাতা মেট্রোর পরিষেবায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। কলকাতা মেট্রো রেলওয়ে (Metro Railway, Kolkata) শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের দিনে সব করিডরেই কম সংখ্যক ট্রেন চলবে এবং দুপুরের পর থেকে পরিষেবা শুরু হবে।

    সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাবে ব্লু লাইনে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এই রুটে যেখানে সাধারণ দিনে ২৭২টি পরিষেবা চলে, সেখানে দোলের দিনে চলবে মাত্র ৬০টি ট্রেন। প্রথম ট্রেন ছাড়বে দুপুর ২টা ৩০ মিনিটে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকলেও রাত ৯টা ৩৮ মিনিটের একটি নির্দিষ্ট পরিষেবা বাতিল রাখা হয়েছে।

    গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে ৪৫টি ট্রেন, যা স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম। এই লাইনে প্রথম ট্রেন বিকেল ৩টায় চলবে। শেষ পরিষেবার সময় একই থাকবে বলে জানানো হয়েছে।

    ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মোট ৪৪টি পরিষেবা চলবে। প্রথম ট্রেন ছাড়বে দুপুর ২টা ৩৮ মিনিটে। পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ৩৮টি ট্রেন চালানো হবে। অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত চলবে ২৮টি পরিষেবা।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের দিন যাত্রীদের নিরাপদ, সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যময় পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য। যাত্রীদের উৎসবের দিনে যাতায়াতের আগে সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

     
  • Link to this news (আজ তক)