• মমতা-অভিষেককে ধন্যবাদ জানালেন মেনকা
    আজকাল | ০১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। প্রার্থী হিসেবে ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন তিনি। 

    শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি বিশেষ পোস্ট করেছেন মেনকা। তাঁর কথায়, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার মনোনীত করায় আমি অত্যন্ত সম্মানিত। আমার উপর ভরসা করার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আমি কৃতজ্ঞ।' 




    সেই পোস্টেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মেনকা। তিনি আরও লিখেছেন, 'আমাদের সংবিধানের সাম্য, মৈত্রীর যে মূল্যবোধ, তা আমার জীবন এবং কাজের দিশারি হয়ে থেকেছে। আমি আশা করি এই আদর্শগুলিকেই সংসদে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি পশ্চিমবঙ্গবাসীর প্রতিনিধিত্ব করতে এবং ভারতের সাধারণ মানুষের সেবা করতে উন্মুখ হয়ে আছি।' 

    প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে রাজসভার নির্বাচনের জন্য চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। মেনকা জিতলে, তিনিই রাজ্যসভায় প্রথম সমকামী সাংসদ হতে চলেছেন। নিঃসন্দেহে রাজ্যের শাসক দলের হাত ধরেই ভারতীয় রাজনীতিতে হতে চলেছে নয়া ইতিহাস রচনা। 

    গতকাল তৃণমূলের তরফে দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে চার প্রার্থীকেই শুভেচ্ছা জানানো হয়েছে। 

    প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের মধ্যেই শেষ হচ্ছে রাজ্যসভার এ রাজ্যের পাঁচ সংসদের মেয়াদ। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত ব্যানার্জি, সুব্রত বক্সি, সাকেত গোখেল, মৌসম বেনজির নূর ও সিপিএমের বিকাশ ভট্টাচার্য। সুব্রত বক্সী আর নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। মৌসম বেনজির নূর ইতিমধ্যেই কংগ্রেসের যোগ দিয়েছেন। চারজন প্রার্থীর তালিকায় চমক থাকার জল্পনা ছিল। 
  • Link to this news (আজকাল)