• ইডেন ম্যাচের আগে সক্রিয় কালোবাজারি চক্র
    আজকাল | ০১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মরণবাঁচন লড়াই। রবিবার ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

    এই হাইভোল্টেজ, 'ডু অর ডাই' ম্যাচকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কিন্তু এই উন্মাদনার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে টিকিট কালোবাজারি চক্র।

    সেই চক্রেরই একজনকে হাওড়ার  শিবপুরের মন্দিরতলা এলাকা থেকে আটক করল পুলিশ। শিবপুর থানা সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে জনৈক ব্যক্তি মন্দিরতলার কাছে চড়া দামে বিশ্বকাপের টিকিট বিক্রি করছে।

    তড়িঘড়ি অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ৬টি টিকিট।

    যার মধ্যে ক্লাব হাউসের টিকিট আছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। যদিও পুলিশ সরকারিভাবে এখনও কিছু বলতে নারাজ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি সাধারণ দর্শকদের আবেগকে পুঁজি করে কয়েক গুণ বেশি দামে টিকিটগুলো 'ব্ল্যাকে' বিক্রি করছিল। তার সঙ্গে কোনো বড়সড় চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

    অভিযুক্ত ইতিমধ্যে কতগুলো টিকিট চড়া দামে বাজারে ছেড়েছে এবং তার কাছে আর কোনও টিকিট মজুত আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ।

    ক্রিকেটের নন্দনকাননে যখন হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা, তখন পুলিশের এই তৎপরতা টিকিট কালোবাজারিতে একটা ধাক্কা দিল বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)