• রবিবার বাতিল থাকতে পারে প্রায় ৪৫০টি ফ্লাইট, আশঙ্কা বিমান পরিবহণ মন্ত্রকের
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • ইরান এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে বাতিল করা হচ্ছে ৪০০ বেশির ফ্লাইট। রবিবার ওই ফ্লাইট বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। শনিবারই দপ্তর এবং DGCA-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু (Ram Mohan Naidu Kinjarapu)। দেশের যাত্রীদের নিরপাত্তার বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    পশ্চিম এশিয়ায় কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েলি (Israel) সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তার পরেই আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান (Iran)। তেহরানের (Teheran) উপর দিয়ে যাওয়া সমস্ত বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। হামলা শুরু হওয়ার পর থেকেই বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। আটকে পড়েছেন লক্ষাধিক যাত্রী।

    এর প্রভাব পড়েছে ভারতেও। শনিবারই বাতিল করা হয়েছিল ৪১০টি ফ্লাইট। আজ , রবিবার অন্তত ৪৪৪টি ফ্লাইট বাতিল করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে অসামরিক বিমান পরিবহণ (Civil Aviation) মন্ত্রকের তরফে।

    তাদের তরফে জানানো হয়েছে, ইরান এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশ আকাশ পথ বন্ধ করে দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  যাত্রী ও এয়ারলাইনসের জন্য জরুরি সেফটি অ্যাডভাইজ়রি জারি করেছে ভারতের বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা Directorate General of Civil Aviation (DGCA)। এই সংস্থা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও জানানো হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে।

    অন্য দিকে, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় বিমান সংস্থাগুলিকে আকাশসীমা সংক্রান্ত পরামর্শ এবং NOTAM-এর উপর ধারাবাহিকভাবে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সুরক্ষা প্রোটোকলের সঙ্গে সঙ্গতিপূর্ণ ভাবে ও প্রয়োজনে রুট পরিবর্তন করার কথাও বলা হয়েছে ।

  • Link to this news (এই সময়)