• নজরে বিধানসভা নির্বাচন, সোমবার নজরুল মঞ্চে অভিষেকের ‘তফসিলি সংলাপ’
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • এই সময়: বিধানসভা নির্বাচনের মুখে তফসিলি জাতি ও উপজাতি অংশের নেতা ও প্রতিনিধিদের নিয়ে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার দলনেতা কাল, সোমবার, নজরুল মঞ্চে এই সভা করবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘তফসিলি সংলাপ’।

    সভায় তৃণমূলের এসসি এবং এসটি সেলের নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা হাজির থাকবেন বলে দলীয় সূত্রের খবর। তৃণমূলের এসটি সেলের প্রথম সারির এক নেত্রীর কথায়, ‘অঞ্চল স্তরের নেতৃত্ব ছাড়াও যে জেলাতে এসটি বিধায়ক, সাংসদরা রয়েছেন তাঁদেরও আসতে বলা হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েতের যাঁরা এসটি সদস্য রয়েছেন তাঁরাও আসবেন।’

    একই ভাবে তৃণমূলের এসসি সাংসদ–বিধায়কদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। একাধিক নেতার বক্তব্য,‘সভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছরের তৃণমূল জমানায় এসসি এবং এসটি অংশের মানুষের জন্য কী কী প্রকল্প বাস্তবায়িত করেছেন তা তুলে ধরতে পারেন অভিষেক।’

    একই সঙ্গে তফসিলি জাতি ও উপজাতি অংশের নেতৃত্বের অভিমতও শুনতে পারেন তৃণমূল নেতৃত্ব। দলীয় নেতাদের পর্যবেক্ষণ, যেহেতু এই কর্মসূচির নাম ‘তফসিলি সংলাপ’ দেওয়া হয়েছে, তাই সভা অনেকাংশে ইন্টার‌্যাকটিভ সেশন হতে পারে। নজরুল মঞ্চের সিটিং ক্যাপাসিটি দু’হাজারের বেশি। সেই অনুযায়ী কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

  • Link to this news (এই সময়)