মুসলিম মৌলবাদী শক্তি একত্রিত হতে চাইছে বাংলায়, বলছে সিপিএমের পলিটব্যুরো
বর্তমান | ০১ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে সম্প্রতি শেষ হয়েছে সিপিএমের একদিনের পলিটব্যুরো বৈঠক। সেখানে বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পলিট ব্যুরো তাদের বিবৃতিতে বাংলায় ‘স্বৈরাচারী, নারী ও গরিব বিরোধী তৃণমূল ও সাম্প্রদায়িক বিজেপিকে’ পরাস্ত করতে বামপন্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা বলেছে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নামে বিভিন্ন ধরনের মুসলিম মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি একত্রিত হওয়ার চেষ্টা করছে। প্রশ্ন উঠছে, এই ‘মুসলিম মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি’ বলতে কি মিম বা হুমায়ুন কবীরের সদ্যগঠিত দলকে বোঝানোর চেষ্টা হচ্ছে? তবে কি মহম্মদ সেলিমের হুমায়ুন-সাক্ষাত্ পছন্দ করছে না পলিটব্যুরো? এ বিষয়ে সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘কারা সাম্প্রতিককালে বাংলায় দাঙ্গা করেছে, তা সকলেই জানেন।’ আলিমুদ্দিনের নেতারা বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী, দল সাম্প্রদায়িক শক্তিকে শক্তিশালী করতে নেমে পড়েছে। এই ধরনের সাম্প্রদায়িক শক্তিগুলি বামপন্থীদের বিরুদ্ধে কথা বলছে। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির ক্ষতি করছে। এক পলিটব্যুরো সদস্যের কথায়, ‘নতুন দল গঠনের পর হুমায়ুন প্রকাশ্যে উস্কানিমূলক কথা এখনও বলেননি। আগামীতে কী করবেন, জানি না। মিম বাইরের রাজ্যে কী করছে, আমরা দেখতেই পাই। বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়েছে।’ এদিকে, শনিবার আলিমুদ্দিনে ফের বামফ্রন্টের বৈঠক বসে। সূত্রের খবর, ২৯৪টির মধ্যে এখন গুটিকয়েক আসনে সমঝোতা বাকি রয়েছে। সেটাও দ্রুত হয়ে যাবে বলে দাবি বাম নেতৃত্বের।