• চূড়ান্ত তালিকাতেও বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে ‘বিজেপির দালালরা’, তোপ তৃণমূলের
    বর্তমান | ০১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত ভোটার তালিকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে অসঙ্গতির গুচ্ছ ছবি সামনে এসেছে। কোথাও জীবিত ভোটারকে ‘মৃত’ দেখিয়েছে কমিশন। কোথাও আবার মৃত ভোটারের নাম জ্বলজ্বল করছে তালিকায়। সপরিবার কাউন্সিলারের নাম বাদ পড়ার ঘটনাও সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার তালিকায় কোথায় কী সমস্যা, তার খোঁজখবরের ভিত্তিতে রিপোর্ট তৈরি করছে তৃণমূল। এদিন তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন আর কত নীচে নামবে? খসড়া তালিকার পর চূড়ান্ত তালিকাতেও কারচুপি করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে এই বিজেপির দালালরা।’ সেই সঙ্গে একজন জনপ্রতিনিধির নাম বাদ যাওয়ার উদাহারণ তুলে ধরে তৃণমূল বলেছে, ‘বিজেপির বেঁধে দেওয়া কোটির গণ্ডি পার করতে কি একের পর এক ভোটারের নাম এভাবে বাদ দেবে দালাল কমিশন? নাকি আবারও বিএলওদের ঘাড়ে দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলবে?’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এসআইআর গোটাটাই বিজেপির চক্রান্ত। ওরা চাইছিল বৈধ ভোটারদের নাম বাদ দিতে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানাতে ভোটার তালিকায় কারচুপির পর বাংলাকে টার্গেট করে ওরা। কিন্তু বাংলায় বিজেপি প্রতিহত হচ্ছে। বিজেপির পাল্লায় পড়ে কমিশনের কাজে মৃত্যুমিছিল হয়েছে। এমনকি বিএলওরা আজ বলছেন, আমরা সব কাগজপত্র ঠিক করে দেওয়ার পর কীভাবে নাম বাদ গেল, সেটা আমরাও বুঝতে পারছি না। বিজেপি আগে বলেছিল দুই কোটি লোকের নাম বাদ যাবে, রোহিঙ্গা পাওয়া যাবে। কিন্তু তা হল না। বিজেপির গ্যাস বেলুনে আলপিন ফুটে গিয়েছে।’
  • Link to this news (বর্তমান)