• কাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় চার মহিলা চা শ্রমিকের মৃত্যু
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: কাজে যাওয়ার পথে সাত মহিলা চা শ্রমিককে পিষে দিল একটি গাড়ি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনেরর। তাঁদের নাম রজনী ওরাওঁ (৩৩), পুষ্পা দর্জি (৫১),অগাস্টিন মুন্ডা (৩৯) ও বার্থা ধানোয়ার (৪৪)। গুরুতর জখম হয়েছেন চুন্নু খড়িয়া, সাবি খড়িয়া ও লাখি পাসয়োন। তাঁরা আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ( Alipurduar District Hospital), কোচবিহার মেডিক্যাল কলেজ ( CoochBehar Medical College) ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College Hospital) ভর্তি।

    শনিবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের হাসিমারা পুলিশ ফাঁড়ির ১০ নম্বর এলাকার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। মৃতা ও জখম শ্রমিকরা প্রত্যেকেই কালচিনির বন্ধ চা বাগান ভার্নোবাড়ির বাসিন্দা। বাগানে কাজ না থাকায় তাঁরা দলবেঁধে পাশ্ববর্তী বিচ চা বাগানে ৯ (Tea Garden) ঠিকা শ্রমিকের কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়ে হাসিমারার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে জয়গাঁর দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। যদিও ঘাতক গাড়িটিকে জয়গাঁ ঢোকার আগে জিএসটি (GST) মোড়ে আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালককে। তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ওই গাড়িটি প্রতিবেশী রাজ্য অসমে রেজিষ্ট্রেশন করা। গাড়ির মালিকের খোঁজে শুরু হয়েছে।

    এ দিকে ওই দুর্ঘটনার পরেই ভার্নোবাড়ি চা বাগানের কয়েকশো শ্রমিক পথ অবরোধ শুরু করেন। অবরোধের নেতৃত্ব দেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। আসেন তৃণমূল (Tmc) নেতা সৌরভ চক্রবর্তীও। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার ও অন্য পুলিশ আধিকারিকরা। বেলা ১ টা পর্যন্ত অবরোধ চলে। ফলে ভুটানগামী গুরুত্বপূর্ণ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের দু’ধারে থমকে যায় শয়ে শয়ে গাড়ি।

    শেষ পর্যন্ত অবরোধকারীদের দাবি মেনে আলিপুরদুয়ারের অতিরিক্ত শ্রম কমিশনার গোপাল বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভার্নোবাড়ি চা বাগান খোলা ও মৃতাদের পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। বাগান শ্রমিক দশরথ কুজুর বলেন, ‘আজ ভার্নোবাড়ি বাগানটা খোলা থাকলে আমাদের ওই ভয়নক ঘটনার সাক্ষী হতে হতো না।’ জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার বলেন, ‘আমরা সবাইকে বুঝিয়ে অবরোধ তুলিয়েছি। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন চালক।’

  • Link to this news (এই সময়)