• চলতি মাস থেকেই তাপপ্রবাহে পুড়বে বাংলা, কবে থেকে? বড় পূর্বাভাস IMD-এর
    আজ তক | ০১ মার্চ ২০২৬
  • মার্চ থেকে মে মাসের মধ্যে দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের তুলনায় দিনের বেলায় বেশি তাপমাত্রা থাকতে পারে। সইতে হবে তাপপ্রবাহ। আর খারাপ খবর হল, এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। শনিবার মাসিক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আইএমডি।

    কোথায় কোথায় তাপপ্রবাহ হতে পারে?
    দেশের একাধিক জায়গায় সকালের দিকে অতিরিক্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। যেমন ধরুন,  পশ্চিম রাজস্থান, গুজরাত, হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্রের দক্ষিণ ও পূর্ব, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তীসগড়, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর কর্ণাটক ও উত্তর তামিলনাড়ুর কিছু অংশ। যদিও এই মাসের কোন তারিখ থেকে এমনটা হতে চলেছে, সেই সম্পর্কে কিছুই জানান হয়নি।

    আইএমডি-র ডিজি মৃ্ত্যুঞ্জয় মহাপাত্র এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের বলেন, 'মার্চ–এপ্রিল–মে তাপপ্রবাহের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। যার ফলে জনস্বাস্থ্য, জলের চাহিদা, বিদ্যুৎ চাহিদা এবং জরুরি পরিষেবায় উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। প্রবীণ, শিশু, রোদ মাথায় কাজ করা শ্রমিক এবং অসুস্থ ব্যক্তিরা বেশি ঝুঁকির মধ্যে থাকবেন।”

    তবে কয়েনের একটা উল্টো পিঠও রয়েছে। এই মার্চ মাসেই দেশের একাধিক অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে কম বা স্বাভাবিক থাকতে পারে। শুধুমাত্র ব্যতিক্রম হিসেবে উত্তর-পূর্ব ও পূর্ব ভারত, পশ্চিম হিমালয় অঞ্চলের কিছু অংশ এবং মধ্য ও উপদ্বীপীয় ভারতের কিছু এলাকায় তাপমাত্রা বেশি থাকতে পারে।

    এছাড়া মার্চ মাসে দেশের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর-পশ্চিম ভারত, দক্ষিণ উপদ্বীপ ও পূর্ব উপকূলের কিছু এলাকায় স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা থাকতে পারে।

    তিনি আরও জানান, মার্চে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি রয়েছে। ১৯৭১ থেকে ২০২০ সালের তথ্য অনুযায়ী মার্চ মাসে দেশের গড় বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদি গড় (এলপিএ) প্রায় ২৯.৯ মিলিমিটার। এবারও সেটাই থাকতে পারে।

    তবে উত্তর-পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ও পূর্ব-মধ্য ভারতের কিছু এলাকায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

    আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে দুর্বল লা নিনা পরিস্থিতি রয়েছে। তবে আগামী মাসগুলিতে নিউট্রাল এল নিনো–সাউদার্ন অসিলেশন (ইএনএসও) পরিস্থিতি ফিরে আসতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক মডেল এবং আইএমডি-র মনসুন মিশন ক্লাইমেট ফোরকাস্ট সিস্টেম (এমএমসিএফএস) পূর্বাভাস দিয়েছে।

    কম বৃষ্টি হয়েছে
    ফেব্রুয়ারি মাসের বৃষ্টি সম্পর্কেও নিজেদের মতামত দিয়েছে আইএমডি। তারা জানিয়েছে যে, ২০০১ সালের পর এই প্রথম গত মাসে সারা দেশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে কোনও শৈত্যপ্রবাহ দেখা যায়নি।

    আইএমডি জানিয়েছে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার অভাব এবং পূর্বালী হাওয়ার সঙ্গে তার মেলবন্ধন না হওয়াই ফেব্রুয়ারিতে কম তুষারপাত ও বৃষ্টিপাতের প্রধান কারণ।

    দেশের বহু অংশে, বিশেষ করে দক্ষিণ উপদ্বীপ ও মধ্য ভারতের কিছু অংশ বাদে, স্বাভাবিকের থেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

     
  • Link to this news (আজ তক)