• গিরিশ ঘোষের বাড়ি ভগ্নপ্রায়, উইয়ে নষ্ট করছে মূল্যবান বই, শনিবার ছিল নাট্যাচার্যের ১৮৩ তম জন্মদিবস
    বর্তমান | ০১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ১৮৩তম জন্মদিবস ছিল। সেই উপলক্ষ্যে উত্তর কলকাতার বাগবাজারে তাঁর বসতবাড়ি সাজানো হয়েছিল আলো ও ফুল দিয়ে। কিন্তু অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি ভগ্নপ্রায়। দোতলায় গিরিশ ঘোষের ব্যবহার্য জিনিসপত্রগুলি নষ্ট হতে বসেছে।

    দ্রষ্টব্য জিনিসগুলির তালিকায় আছে, গিরিশ ঘোষের পড়ার টেবিল, চেয়ার, লাঠি, জুতো, মূল্যবান বইপত্র প্রভৃতি। সেগুলি রক্ষণাবেক্ষণে অবহেলা। ফলে খুবই অযত্নে পড়ে বহু ইতিহাসের সাক্ষী সমস্ত জিনিসপত্র। আলমারিগুলিতে থাকা মূল্যবান বই উইয়ে নষ্ট করছে। শেষ কবে আলমারি খোলা হয়েছিল তা কারো মনে নেই। এছাড়া ধুলোয় ঢেকেছে দোতলার ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র। এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেন এলাকার বাসিন্দা ও বিশিষ্ট মানুষরা। স্থানীয়রা জানান, ফি বছর শুধুমাত্র জন্মদিনেই তাঁর বসতবাড়ি মানুষের দেখার জন্য খুলে দেওয়া হয়। বছরের বাকি সময় তালাবন্ধ পড়ে থাকে একতলা ও দোতলার ঘর দু’টি। বাড়িটির অবস্থা অত্যন্ত করুণ। খুবই অপরিচ্ছন্ন। দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা। বেরিয়ে গিয়েছে মরচে ধরা রড। চারধার গাছের পাতা ও আবর্জনায় ভর্তি। পরিস্থিতি এমন যে, যে কোনোদিন গোটা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। শিক্ষাবিদ ডঃ দীনেশচন্দ্র ভট্টাচার্য ও ডঃ প্রদীপ গঙ্গোপাধ্যায় শনিবার খেদ প্রকাশ করে বলেন, ‘অবিলম্বে গিরিশ ঘোষের বাড়ি সংস্কার ও ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষণ জরুরি। দ্রুত পদক্ষেপ করা উচিত। না হলে কলকাতার ইতিহাস থেকে হারিয়ে যাবে একটি মূল্যবান অধ্যায়।’ কলকাতা পুরসভার এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।’
  • Link to this news (বর্তমান)