• রাশিয়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত তিন
    বর্তমান | ০১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাশিয়ায় গিয়ে মোটা টাকা রোজগারের স্বপ্ন! হাতে মিলেছিল অফার লেটার, নিয়োগপত্রও। সেই মতো বিদেশযাত্রার প্রস্তুতিও সেরে ফেলেছিলেন গোবরডাঙার মছলন্দপুরের দক্ষিণ বেতপুলের বাসিন্দা পাপন সরকার। কিন্তু শেষমেশ বুঝতে পারলেন, প্রতারণার ফাঁদে পড়ে গিয়েছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করেছে গোবরডাঙা থানার পুলিশ। ধৃতদের নাম মিলন দাস, মাধব রায় ও দেবব্রত মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে পাপনের কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছিল তারা। শুধু মৌখিক আশ্বাস নয়, রাশিয়ার একটি সংস্থায় দিনমজুরের কাজ পাইয়ে দেওয়ার একাধিক নথিও তুলে দেওয়া হয়। প্রথমে সবই বিশ্বাসযোগ্য মনে হলেও পরে সন্দেহ দানা বাঁধে। সন্দেহ কাটাতে দিল্লিতে অবস্থিত রাশিয়ার দূতাবাসে সরাসরি যোগাযোগ করেন পাপন। সেখান থেকেই আসে চাঞ্চল্যকর তথ্য। পাপন জানতে পারেন, যে কাগজপত্র দেখানো হয়েছে, সবই ভুয়ো। প্রতারণার আঁচ পেয়ে টাকা ফেরত চান তিনি। অভিযোগ, তখনই শুরু হয় চাপ ও হুমকি। এরপর থানার দ্বারস্থ হন পাপন। তদন্তে নেমে হাবড়ার হিজলপুকুর ও মিশনগেট, রানাঘাট এবং শান্তিপুরের প্রমোদপল্লিতে একযোগে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে। শনিবার তাদের বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। গোবরডাঙা থানার ওসি পিংকি ঘোষ বলেন, ‘এই চক্রের জালে পাপন ছাড়া আরও কেউ জড়িয়েছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। বিদেশে চাকরির স্বপ্ন দেখিয়ে আরও বড়সড় প্রতারণা চক্র সক্রিয় থাকতে পারে। তদন্ত চলছে।’
  • Link to this news (বর্তমান)