উত্তর ২৪ পরগনা, মতুয়াগড়ে কাটা পড়ল ৩৬ হাজার ৯০১ জনের নাম
বর্তমান | ০১ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার প্রকাশিত হয়েছে এসআইআর’য়ের প্রথম পর্বের চূড়ান্ত তালিকা। অভিযোগ তালিকায় মতুয়া দুর্ভোগের বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। আমডাঙার তৃণমূল বিধায়কের পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব প্রমাণের বিষয়টি বিচারাধীন আছে। এসব কারণে এসআইআর’য়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এদিন দুপুর থেকেই প্রতিটি বিডিও অফিসের সামনে ছিল মানুষের ভিড়। উত্তর ২৪ পরগনায় ৭৫ লক্ষ ৮ হাজার ৫৪৮ জনের নাম প্রকাশিত হয়েছে। ৭৩ লক্ষ ৮৮ হাজার ৫৯ জনের নাম উঠেছে। বাদ পড়েছে ১ লক্ষ ৪২ হাজার ২৯৭ জনের নাম। ৫ লক্ষ ৯৪ হাজারের নাম অ্যাডজুডিকেশন (বিচারাধীন পরিস্থিতিতে) অবস্থায় রয়েছে।
উল্লেখযোগ্য, মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ মহকুমার চারটি বিধানসভাতে বাদ গিয়েছে ৩৬ হাজার ৯০১ জনের নাম। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বাগদা বিধানসভায় বাদ গিয়েছে ১৫ হাজার ৭০৭ জনের নাম, বনগাঁ উত্তরে ৭ হাজার ৯২৬, বনগাঁ দক্ষিণে ৬ হাজার ৯০২ ও গাইঘাটায় ৬ হাজার ৭৭০ জনের নাম। তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন, ‘প্রায় ৩৭ হাজার ভোটারের বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের। তাঁদের উপযুক্ত কাগজ না থাকায় নির্বাচন কমিশন নাম দিয়ে দিয়েছে। এতদিনে বিজেপির গালভরা মিথ্যা প্রতিশ্রুতির প্রমাণ হাতেনাতে পেলেন মতুয়ারা।’ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাবে না। এটা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গ্যারান্টি। অযথা তাদের ভয় পাওয়ার কিছু নেই।’
অন্যদিকে নতুন ভোটার হিসাবে ২১ হাজার ৭৮৭ জনের নাম উঠেছে। এর মধ্যে সবার নজর পড়েছে আমডাঙায়। সেখানে তৃণমূলের তিনবারের বিধায়ক রফিকুর রহমানের নাম বিচারাধীন হয়ে রয়েছে। তিনি বলেন, ‘আমি প্রথমবার বিধায়ক হই ২০১১ সালে। তারপর আমি ভারতীয় কি না তা প্রমাণ করতে হচ্ছে, এই অবস্থা। স্বাভাবিকভাবে বিষয়টিকে ধিক্কার জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না।’ অভিযোগ, বারাসত, দেগঙ্গা, হাবড়া, অশোকনগর সহ বিভিন্ন এলাকায় বিচারাধীন ভোটারের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে।