• পাশের স্টেট-এ হামলা, যোগাযোগ বন্ধ! সৌদিতে আটকে বাংলার যুবক, ঘুম উড়েছে পরিবারের
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • শনিবার শেষবারের মতো ফোনে যোগাযোগ হয়। এর পরে আর যোগাযোগ করা যায়নি। সৌদি আরবের জেদদা এলাকায় কর্মরত খড়্গপুরের বাসিন্দা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। দুশ্চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছেন পরিবারের সদস্যরা। ২ মার্চে ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল শুভজিতের। কোনও খবর না পাওয়ায় বাড়ছে চিন্তা।

    রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা তথা স্থানীয় ওয়ার্ডের কো-অর্ডিনেটর কল্পিতা মজুমদারের জামাই শুভজিৎ আছেন সৌদি আরবে। প্রায় ১১ মাস আগে তিনি খড়্গপুর থেকে সৌদি আরবে পাড়ি দেন। দেশে ফেরার উদ্দেশে আগামী ২ মার্চ তাঁর বিমানের টিকিট কাটা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব থেকে ভারতে আসার এয়ার ইন্ডিয়া-র একাধিক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

    শুভজিতের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায়, দুই ছোট সন্তান। তিন জনেই বর্তমানে শুভজিতের শ্বশুরবাড়ি রায়গঞ্জে রয়েছেন। শুভজিতের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায়, দুই ছোট সন্তান। মৌমিতা জানান, শনিবার শেষবারের মতো স্বামীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। সেই সময়ে শুভজিৎ জানিয়েছিলেন, তাঁদের পাশের স্টেটে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সৌদি প্রশাসনের পক্ষ থেকে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে, শনিবারের পর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে পরিবারের সদস্যদের। মৌমিতা বলেন, ‘আমরা সকলেই ভীষণ চিন্তায় রয়েছি। ছোট দু’টি সন্তান বাবার অপেক্ষায় রয়েছে। সকলেই চাইছে শুভজিৎ নিরাপদে দেশে ফিরে আসুক।’

    শুভজিতের শাশুড়ি কল্পিতা মজুমদার বলেন, ‘দু’দিন ধরেই যুদ্ধ পরিস্থিতির খবর মিলছিল। কিন্তু শনিবার থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়ার পরে থেকেই উৎকণ্ঠায় রয়েছি।’

    উল্লেখ্য, শনিবার থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের একাধিক প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী। পাল্টা সৌদি আরব, দুবাই, কাতারের একাধিক জায়গা হামলা চালায় ইরান। সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার পরে পশ্চিম এশিয়ার একাধিক দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। দুবাই বিমানবন্দর থেকেও একের পর এক ফ্লাইট বাতিল করা হয়েছে।

  • Link to this news (এই সময়)