পাঁচ মাস ধরে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলার পর শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত তালিকা (Final Voter List)। তাতে সব মিলিয়ে রাজ্যে নাম বাদ গিয়েছে ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম। বিচারাধীনের আওতায় ৬০ লক্ষের বেশি ভোটার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ। রবিবার উত্তরপাড়ায় হিন্দমোটরের গোধূলি এলাকায় বিক্ষোভ দেখান বাসিন্দারা। যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভোটার লিস্ট পুড়িয়ে প্রতীকী বিক্ষোভ দেখানো হয়।
কেন এই বিক্ষোভ? স্থানীয় ভোটার জয়দেব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘শনিবার ভোটার তালিকা প্রকাশের পরেই দেখি আমি ও আমার মেজদাদা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। আমাকে শুনানিতে ডাকা হয়েছিল আমি সমস্ত ডকুমেন্টস (Documents) দিয়েছি। এরপরেও কী ভাবে আমার নাম বাদ গেল, বুঝতেই পারছি না।’ আরও এক বিক্ষোভকারী নিতাই দাসের অভিযোগ, ‘ভোটার লিস্ট সংশোধনের নামে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। বিজেপি চাইছে ভোটারের নাম বাদ দিয়ে বাংলায় ক্ষমতায় আসবে। এরা গণতন্ত্র নষ্ট করতে চাইছে।’
এ বিষয়ে বিজেপির (Bjp) রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ‘উত্তরপাড়ার কিছু মানুষ ভোটার লিস্টে আগুন লাগিয়ে পোড়াচ্ছে। এতে পরিষ্কার বোঝা যায় কারা এই কাজটা করাচ্ছে।’ ওই বিজেপি নেতাকে পাল্টা আক্রমণ শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের (Tmc) সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীর।তিনি বলেন, ‘গণতন্ত্র প্ৰিয় মানুষ ভোটার লিস্ট পুড়িয়ে দিয়েছে। শুধু উত্তরপাড়ায় নয়, সারা বাংলার মানুষ বুঝতে পেরেছে বিজেপি দিনের পর দিন তাঁদের সঙ্গে যা করছে সেটা অন্যায়।’ চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশের পর দেখা গিয়েছে, হুগলি জেলাতে বিচারাধীনের আওতায় ১,৭১, ৭৭৮ জন। সেই বিষয়কে কেন্দ্র করেও ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে হুগলিতে।