• ভোটার তালিকায় রিচার নামের পাশে লেখা ‘বিচারাধীন’!
    আজকাল | ০১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে শনিবার, ২৮ ফেব্রুয়ারি। কিন্তু তাতেও এসআইআর বিতর্ক থামছে না। বহু ব্যক্তির নামের পাশে লেখা বিচারাধীন। কিন্তু তালিকায় যেমন রয়েছেন প্রশাসক, জনপ্রতিনিধি, তেমনই রয়েছেন বিশ্বজয়ীও।

    সূত্রের খবর, সদ্য বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সদস্যা রিচা ঘোষের নাম ভোটার লিস্টে এডজুডিকেটেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ নামের পাশে লেখা বিচারাধীন।

    রিচা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোটার। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু তাঁর নামের পাশে লেখা বিচারাধীন। যদিও এই বিষয়ে রিচার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও, এই বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে চাননি। 

    কেবল রিচা নন, তালিকায় খোদ বিডিও'র নাম। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর। তিনি ১৬ নম্বর ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক (AERO) হিসেবেও দায়িত্বে রয়েছেন। অথচ একইসঙ্গে তিনি আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার।

    জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডের ১৯২ নম্বর বুথে তাঁর নাম নথিভুক্ত ছিল। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের পাশে ‘ডিলিট’ দেখাচ্ছে বলে সূত্রের খবর। ঘটনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তিনিও তেমনটাই দেখছেন, তবে এর এবশি কিছু জানাতে নারাজ।

    অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার দুই তৃণমূল বিধায়ক আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারবেন কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর। শনিবার নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথম দফায় ভোটারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে  তাতে মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের নাম নেই। তৃণমূলের এই দুই বিধায়কের নাম 'আন্ডার অ্যাডজুডিকেশন' (বিবেচনাধীন) তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। 

    নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে যদি এই দুই বিধায়কের নাম ভোটার তালিকায় না ওঠে সেক্ষেত্রে দু'জনেরই আগামী বিধানসভা নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে সংশয় তৈরি হবে। যদিও বিধায়ক ঘনিষ্ঠরা আশাবাদী এসআইআর  প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকরা দ্রুততার সঙ্গে এই দু'টি 'কেস' সমাধান করে দেবেন এবং পরবর্তী যে তালিকা প্রকাশ হবে সেখানে দুই বিধায়কের নাম ভোটার তালিকায় থাকবে।

    ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন, 'কাটাবাড়ি অঞ্চলের মালোপাড়ার একটি বুথের আমি ভোটার। সেখানে ১০২৮ জন ভোটার রয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই নাম 'আন্ডার অ্যাডজুডিকেশন' তালিকায় রয়েছে। আমার মোট পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের নাম ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে। আমি সহ বাকি তিন ভাইয়ের নাম এখনও 'আন্ডার অ্যাডজুডিকেশন' তালিকায় রয়েছে। আমার পরিবারের আরও অনেকের নাম ওই তালিকায় রয়েছে।'

     
  • Link to this news (আজকাল)