• ভোটার তালিকায় নাম আছে, অথচ মানুষ নেই!
    আজকাল | ০১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠেছে। অথচ বন্দি পাকিস্তানের জেলে। আদৌ ফিরবেন কিনা ঠিক নেই। বসিরহাটের বাড়িতে পরিবারের সদস্যদের প্রার্থনা 'ঘরের ছেলে দ্রুত ঘরে ফিরুক'। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ১ নম্বর ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর গ্রামের ঘটনা। এই এলাকায় বেশি অংশ মৎস্যজীবীদের বাস। 

    স্থানীয় সূত্রে খবর, ২৪ বছরের লালটু দাস ও বছর ২৩ এর সুজয় দাস প্রথমে কেরালা, তারপর সেখান থেকে গুজরাটে ঠিকাদার সংস্থার হয়ে মাছ ধরতে গিয়েছিলেন। ২০২৩ সালে ১লা জানুয়ারি গুজরাটের এক সাগরে মাছ ধরতে যান। জানা গিয়েছে, সেখানেই ট্রলারে মধ্য ঘুমিয়ে পড়ার ফলে অজান্তে পাকিস্তান জল সীমান্তে ঢুকে পড়েন। তারপর পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন৷ এই খবর প্রায় এক মাস পরে জানতে পারে নিখোঁজ দুই যুবকের পরিবারের সদস্যরা।

    তারপর থেকে একের পর এক কেন্দ্র সরকার বিদেশ মন্ত্রক দপ্তরে মেল করে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তরে গিয়েছেন। কিন্তু তাতে আজও ঘরের ছেলে ঘরে ফেরেনি। মৎস্যজীবী সুজয় দাস এর বাবা নিমাই দাস। সুজয়ের বৃদ্ধ বাবা মা আজও দিন গুনছেন কবে ছেলে ঘরে ফিরবে। 

    অন্যদিকে লাল্টু দাসের বৃদ্ধ মা নমিতা দাস। তাঁদের পরিস্থিতিও একই৷ বিধ্বস্ত দাদা বিকাশ দাস বলেন, গত দেড় মাস আগে পাকিস্তানের জেল থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। সেখানে সুজয় ও লালটু আর্তনাদ করেন। তাঁদেরকে বাড়ি ফিরিয়ে নেওয়া হোক। ওখানে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। চোখের জল আর হতাশায় দিন কাটাচ্ছে পাকিস্তানের করাচির ল্যান্ডি জেলে। 

    বর্তমানে পরিবারের সদস্যরা চাইছেন জীবিত অবস্থায় তাঁদের পরিবারের সন্তান ঘরে ফিরুক। একাধিকবার দেশের বিভিন্ন দপ্তরে জানান হয়েছে৷ পাকিস্তান জেলে বন্দি তাঁদের সন্তানদের ফিরিয়ে আনতে মেল করে জানানোর পরও কেন্দ্র বা রাজ্য অসাড়। সুজয় ও লাল্টুর হতাশাগ্রস্ত পরিবার চাইছে ঘরে ফিরুক তাঁদের সন্তান।

    এদিকে এসআইআর-এর চূড়ান্ত লিস্ট বেরিয়েছে। এমনকী ভোটার লিস্টে নামও আছে। দুই পরিবারের কাতর আবেদন , ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তাঁদের দুই ছেলে ভোট দিক দেশের নাগরিকত্ব প্রমাণ করুক।

    এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি পাকিস্তানের জেলে বন্দি দুই মৎস্যজীবী দেশে ফিরে বাংলায় বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে? কৌতূহলী সবাই।
  • Link to this news (আজকাল)