• ভোটার তালিকায় বিশ্বজয়ী রিচা ঘোষের নামের পাশে লেখা ‘বিবেচনাধীন’
    দৈনিক স্টেটসম্যান | ০১ মার্চ ২০২৬
  • এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে ক্রিকেটার  রিচা ঘোষ। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই আন্তর্জাতিক ক্রিকেটার দেশের হয়ে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছেন। অথচ চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা হয়েছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিলিগুড়ির নাগরিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, তাঁর দিদি সোমশ্রী ঘোষের নামের পাশেও তা লেখা রয়েছে।

    রিচা ঘোষ ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির বাসিন্দা। খেলার প্রয়োজনে দেশ-বিদেশে যাতায়াত থাকলেও স্থায়ী ঠিকানা শিলিগুড়িই। এসআইআর চলাকালীন প্রয়োজনীয় নথি, এমনকি জন্ম শংসাপত্রও জমা দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি। তা সত্ত্বেও কেন তাঁর নাম ‘বিবেচনাধীন’ তালিকায়, তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, এ বিষয়ে তাঁকে কোনও শুনানির নোটিসও দেওয়া হয়নি। এনিয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, ‘এসআইআরের ফর্ম ফিলাপের সময় রিচার জন্মের শংসাপত্র দেওয়া হয়েছিল নথি হিসেবে। কিন্তু কেন এরকম এল, বুঝতে পারছি না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।‘

    এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গৌতম দেব। সাংবাদিক বৈঠকে তিনি নিজের মোবাইলে তালিকা দেখিয়ে বলেন, বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের নাম বিবেচনাধীন হওয়া অত্যন্ত দুঃখজনক এবং তা কমিশনের গাফিলতির ইঙ্গিত বহন করে। স্থানীয় বাম কাউন্সিলর মৌসুমী হাজরাও ক্ষোভ প্রকাশ করে জানান, রিচা শুধু রাজ্যের নয়, দেশের গর্ব। তাঁর নাম নিয়ে এই অনিশ্চয়তা মেনে নেওয়া যায় না।

    শুধু রিচা নন, বিধায়ক, কাউন্সিলর এমনকি প্রশাসনিক আধিকারিকদের নামও ‘অমীমাংসিত’ তালিকায় থাকায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবারের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগের কথা জানানো হয়েছে। বিষয়টি এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)