চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশের পরে বিতর্ক। গ্রামের অধিকাংশ বাসিন্দার নাম বিচারাধীনের তালিকায়! মালদার চাঁচল ১ নম্বর ব্লকের বীরস্থলী এলাকার ২৪৬ নম্বর বুথের ঘটনা। গোটা বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এই গ্রামে। BLO-র বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বিচারাধীন তালিকায় থাকা গ্রামবাসীরা।
চূড়ান্ত তালিকায় রাজ্যে নাম বাদ গিয়েছে ৬৩ লক্ষের বেশি ভোটারের। বিচারাধীনের আওতায় আরও ৬০ লক্ষের বেশি ভোটার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে থেকেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ। কোথাও রাস্তা অবরোধ, আবার কোথাও ভোটার লিস্ট পুড়িয়ে প্রতীকী বিক্ষোভ দেখানো হচ্ছে। আর মালদার চাঁচলে বিএলওকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা।
অভিযোগ, রবিবার BLO-মোস্তাফিজুর রহমানের বাড়ি ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। এলাকার প্রায় ১০৮ জন গ্রামবাসীর নাম রয়েছে বিচারাধীনের তালিকায়। বাসিন্দাদের অভিযোগ, ‘SIR-এর শুনানির নোটিস আসার পরেই সমস্ত তথ্য দিয়েছিলাম আমরা। কিন্তু তার পরেও আমাদের নাম বিচারাধীন তালিকায়। রীতিমতো হয়রানির শিকার হচ্ছি।’ বিক্ষোভের জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীরা BLO-র বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। যদিও খোদ ওই BLO-মুস্তাফিজুর রহমানেরও নাম রয়েছে বিচারাধীন তালিকায়। যাকে কেন্দ্র করে আরও বিতর্ক ছড়িয়েছে।
গোটা বিষয়টি নিয়ে BLO-মুস্তাফিজুর বলেন, ‘আমার নিজেরই নাম এসেছে বিচারাধীন তালিকায়। শুনানিতে ১৮০ জনের বেশি নোটিস পেয়েছিলেন। ওরা সবাই আমাকে পর্যাপ্ত ডকুমেন্টস (Documents) দেন। শুনানিতেও সেই ডকুমেন্টস জমা দেওয়া হয়। তার পরে ১০৮ জনের নাম এসেছে বিচারাধীনের তালিকায়। এরপরে প্রশাসন যা বলবে সেই ভাবেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’