• ‘এখন থেকেই প্রেমিক-প্রেমিকা খুঁজছে..’, কলেজের পড়ুয়াদের ‘শাসন’ করলেন মানস, তুলোধোনা অধ্যাপকদেরও
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • ‘সবংয়ে মারপিট নেই এখন। তা হলে আছে কি? মিনতি পালিয়ে গিয়েছে সুব্রতর সঙ্গে, মল্লিকা পালিয়ে গিয়েছে একটি ছেলের সঙ্গে...পড়াশোনায় মন নেই!’ নবীন বরণের মঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই পড়ুুয়াদের ‘শাসন’ করেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া।

    শনিবার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের ৫৫-তম নবীন বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। সেখানেই ছাত্রছাত্রীদের উদ্দেশে মানস বলেন, ‘সত্যি কথা বলতে কি, ভালো লাগছে না! তোমাদের আচরণ এবং ব্যবহার। এরা কলেজকে ভালোবাসে না। এখন থেকেই প্রেমিক-প্রেমিকা খুঁজছে!’

    কলেজের অধ্যাপকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মানস বলেন, 'এখানকার অধ্যাপকদেরও মান পড়ছে প্রতিনিয়ত। কলেজে আসেন না...ক্লাস নেন না!' এ সব তিনি যে আর বেশি দিন বরদাস্ত করবেন না তাও জানিয়ে দেন মন্ত্রী মানস। শনিবারের সেই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া উঠে এসেছে।

    অধ্যাপকদের বিরুদ্ধে মানসের অভিযোগ, একাংশ অধ্যাপক নিয়মিত ক্লাস নেন না। টিউশনিতে বেশি মন দেন। অথচ সরকার তাঁদের লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে। আগামী মাস থেকে কড়া ভাবে উপস্থিতি নথিভুক্ত করার নির্দেশ দেন তিনি। পড়ুয়ারা টানা তিন দিন অনুপস্থিত থাকলে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও উল্লেখ করেন।

    নামপ্রকাশে অনিচ্ছুক কলেজের এক অধ্যাপক বলেন, 'উনি এই কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতির প্রধান। সেই ক্ষেত্রে ভালো-মন্দ, সবকিছুর দায় তো ওঁর উপরও বর্তায়। আমাদের যদি কোথাও কোন ভুল থাকে নিশ্চয়ই সংশোধন করে নেওয়া হবে। তবে, আমরা ছেলেমেয়েদের শাসন করতে গেলে তখন যেন চোখরাঙানি না দেখানো হয়।’ এই বিষয় নিয়ে মানসরঞ্জন ভুঁইয়াকে বার বার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

  • Link to this news (এই সময়)