উত্তপ্ত পশ্চিম এশিয়া। মদিনায় (Madinah in Saudi Arabia) গিয়ে আটকে পড়েছেন ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও কন্যা। ফেসবুক লাইভে সে কথা নিজেই জানান ফিরহাদ-কন্যা (Firhad Hakim) প্রিয়দর্শিনী হাকিম (Priyadarshini Hakim)। দুবাই এয়ারপোর্ট বন্ধ। ফলে কবে ফিরবেন তাঁরা নিশ্চয়তা নেই। আর পবিত্র রমজান মাসে মানুষে মানুষে এই হানাহানি কখনওই কাম্য নয়, সে বার্তাও দেন ফিরহাদ-কন্যা।
রমজানের সময়ে প্রথমবার মদিনায় গিয়েছেন তিনি। এরই মধ্যে আমেরিকা-ইজ়রায়েল ও ইরানের সংঘাতে ভয়াবহ পরিস্থিতি বিভিন্ন জায়গায়। দুবাই এয়ারপোর্ট বন্ধ। বন্ধ রয়েছে এয়ার স্পেস। প্রিয়দর্শিনী জানান, বিভিন্ন ভাষাভাষির ইসলাম ধর্মাবলম্বী মানুষ মদিনায় এসেছেন। নিয়ম করে প্রার্থনায় অংশ নিচ্ছেন। চারিদিকে এক সৌম্য শান্তির আবহ। নারী, শিশু সকলের চলাচল অবাধ।
এই রমজান মাসে সৌদি আরবে হামলা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না, বলেন প্রিয়দর্শিনী। তাঁর কথায়, ‘এখানে এসে চার দিক দেখে ভাবছিলাম, সকলকে বলতে পারব কতটা শান্তিপূর্ণ আমাদের ধর্ম, পৃথিবীর কত মানুষ আসেন। কিন্তু যা চলছে, তাতে এ কথা স্পষ্ট বিশ্বের ক্ষমতা যাদের হাতে, তারা ধর্ম মানে না। রমজানের পবিত্র মাসে মানুষ আল্লাহর কাছে ইবাদত করেন, সেই সময়ে মানুষকে মারছে? পৃথিবীর কোনও ধর্মই শেখায় না মানুষকে মারো। আমি চাই, আল্লাহ সকলকে সুবুদ্ধি দিক।’
এয়ারস্পেস ক্লোজ়, ফলে দেশে কবে ফিরবেন, কী ভাবেই বা কলকাতায় আসবেন, তা নিয়ে অনিশ্চয়তা প্রিয়দর্শিনীর মধ্যে। তবে তাঁর বিশ্বাস, তিনি সর্বশক্তিমানের ঘরে আছেন। তিনিই রক্ষা করবেন, তিনিই নিরাপদে বাড়ি পৌঁছে দেবেন। ফিরহাদ-কন্যার কথায়, একজন মানুষের প্রতি আরেক জন মানুষের বিশ্বাস, ভরসাই তো সব কিছু। আমরা একদম নিরাপদে আছি। তবে এখানেও মিলিটারি ফোর্স বেড়ে গিয়েছে। এয়ারস্পেস ক্লোজ়। জানি না কী করে ফিরব। তবে এই মুহূর্তে আমি আল্লাহর ঘরে আছি। তাঁর কাছে আছি। জানি, তিনি আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেবেন। আমার জন্য চিন্তা করবেন না। শুধু প্রার্থনা করুন, মানবতা যেন বেঁচে থাকে। এই রমজানে আমি সকলকেই এই বার্তা দিতে চাই।’
শুধু ফিরহাদ-কন্যাই নন, এই মুহূর্তে বহু মানুষ দুবাইয়ে আটকে। ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, টলিউডের অভিনেত্রী শুভশ্রী, বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান আটকে রয়েছেন সেখানে। যদিও এখনও অবধি সকলেই নিরাপদে আছেন বলেই বার্তা দিয়েছেন।