• সামান্য ভুলই ডেকে আনল বড় বিপদ, কোচবিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫
    এই সময় | ০১ মার্চ ২০২৬
  • কোচবিহারের দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পাঁচ। গুরুতর জখম তিন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। রবিবার ঘটনা ঘটে দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এর ষষ্ঠীয়া গ্রামে। এ দিন এলাকার স্টোন চিপ তৈরির কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। সেই সময়ে তাঁরা ঢালাই মেশিনের উপর থেকে লোহার রড সরাতে ভুলে যায়। যার জেরেই ঘটে দুর্ঘটনা।

    পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মুকুল বর্মন, রাজু সেন, মিঠুন পাল, সুমন এবং সঞ্জয় বর্মন। প্রত্যেকেই পেশায় রাজমিস্ত্রী এবং তাঁদের সহকারী। এ দিন স্টোন চিপ তৈরির কারখানায় থাকা ঢালাইয়ের মেশিনের উপর একটি লম্বা লোহার রড ছিল। অসাবধানতাবশত শ্রমিকরা মেশিন সরানোর সময়ে ওই রড নীচে নামাতে ভুলে যান।

    ফলে লোহার রড আচমকা ১১ হাজার ভোল্টের হাই-টেনশন বিদ্যুতের তার স্পর্শ করে। যার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তের মধ্যে শ্রমিকরা ছিটকে পড়েন মেঝেতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, যে মৃতদেহগুলো থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হতে দেখা যায় বলে সূত্রের খবর।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সকলকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের আপাতত সেখানেই চিকিৎসা চলছে।

    দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর এসেছে। বাকিদের চিকিৎসা চলছে।’ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির রিজিওনাল আধিকারিক বিশ্বজিৎ দাস বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ তদন্ত করা হবে ঘটনার।’

  • Link to this news (এই সময়)