রাজ্যে SIR-এর পরে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের (Richa Ghosh Cricketer) নাম ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ রয়েছে বলে খবর। এই তথ্য প্রকাশের পরেই শোরগোল পড়ে রাজনৈতিক মহলে। বিষয়টির প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় এই বিষয়ে নিজেদের মতামত জানাল নির্বাচন কমিশন।
কমিশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে রিচা ঘোষের নাম ‘ম্যাপিং’ ছিল না। সেই কারণে তাঁকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। শুনানিতে তাঁর এক আত্মীয় হাজির হয়েছিলেন। তিনি প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন। নথি জমা দেওয়ার পরেও সংশ্লিষ্ট ERO/AERO নথি সংক্রান্ত যাচাইকরণ করে এই কেসের নিষ্পত্তি করা হয়নি বলে জানিয়েছে কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বর্তমানে কলকাতা হাইকোর্টের নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা নথি যাচাইয়ের কাজ করবেন। সেই কারণেই তাঁর নামের উপরে ভোটার তালিকায় ‘Under Adjudicated’ লেখা রয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট ERO বা AERO-র গাফিলতি পাওয়া যায়, তা হলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিলিগুড়ি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা৷ বিশ্বকাপ জয়ের পরে রাজ্য সরকারের তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। রিচাকে রাজ্য পুলিশে ডিএসপি পদে চাকরিও দেওয়া হয়েছে।