• ক্রিকেট খেলা নিয়ে ধুন্ধুমার, ইটের আঘাতে মাথা ফাটল দুই পুলিশ কর্মীর
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • ক্রিকেট খেলা (Clashes Over Cricket Match) নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল দুর্গাপুরে (Durgapur)। ইটের আঘাতে মাথা ফাটল দুই পুলিশ কর্মীর (Two Police Personnel Injured)। তাঁদের মধ্যে একজন মহিলা কনস্টেবলও রয়েছেন। রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের চয়ন মাঠের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই স্থানীয় একটি ক্লাবের তিন জন সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে তিন দিনের ক্রিকেট লিগ চলছে চয়ন মাঠে। এ দিন আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ খেলা দেখতে আসেন। রাস্তায় ভিড় জমে যায়। সেই সময়ে স্কুটিতে ছেলেকে টিউশন পড়াতে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। ভিড়ের জেরে যানজটে আটকে পড়েন তিনি। শেষে কোনও রকমে ছেলেকে পৌঁছে দেন। কিন্তু অভিযোগ, ফেরার সময়ে বিপত্তি বাঁধান তিনি।

    মাঠে তখন খেলা চলছে। উত্তেজনা চরমে। সেই সময়ে স্কুটি নিয়ে ঢুকে পড়েন ওই মহিলা। একেবারে সোজা পিচের উপরে গিয়ে দাঁড়ান তিনি। হইহই করে ওঠেন সবাই।অবাক হয়ে যান খেলোয়াড়রা। শোরগোল পড়ে যায় গোটা মাঠে। স্থানীয় বাসিন্দারাই তাঁকে সরানোর চেষ্টা করেন। কিন্তু তিনি অনড়। গন্ডগোল বেঁধে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় ক্লাবের সদস্যরা। অভিযোগ তখনই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন কয়েক জন। ইটের আঘাতে এক মহিলা কনস্টেবল-সহ এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ক্লাবের সেক্রেটারি-সহ মোট তিন জন সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে ওই মহিলা এবং তাঁর স্বামীকেও।

    ঘটনা প্রসঙ্গে রানা শিকদার নামে ক্লাবের এক সদস্য বলেন, ‘এলাকার বাসিন্দা এক মহিলা খেলা চলাকালীন মাঠে স্কুটি নিয়ে ঢুকে পড়েছিলেন। ফলে খেলা বন্ধ হয়ে যায়। দর্শকদের একাংশই তাঁকে আটকান। তখনই গন্ডগোল শুরু হয়ে যায়।’ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে পশ্চিম বর্ধমানের এসিপি সুবীর রায় বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক কী কারণে গন্ডগোল বাঁধল, খতিয়ে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)