• ‘তাঁর আত্মার শান্তি কামনা করি’, খামেনেইয়ের মৃত্যু নিয়ে কী বললেন দিলীপ?
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • ইজ়রায়েলি (Israel) হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei)। রবিবার ভোরে সেই খবর আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। তার পরেই খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে ফেসবুকে পোস্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Condoles the Death of Ayatollah Ali Khamenei)। সেখানে তিনি লিখেছেন, ‘তাঁর আত্মার শান্তি কামনা করি।’

    শনিবার সকাল থেকে ইরানের একাধিক শহরে হামলা শুরু করে আমেরিকা আর ইজ়রায়েল। সন্ধ্যা নাগাদ প্রথম খামেনেইয়ের মৃত্যুর দাবি করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে সেটা তখনও নিছক দাবিই ছিল। ইরান পাল্টা জানিয়ে দিয়েছিল, খামেনেই বেঁচে আছেন। বৈঠকও করেছেন। গভীর রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার কিছুক্ষণের মধ্যেই রবিবার ভোরে খামেনেইয়ের মৃত্যুর খবর স্বীকার করে নেয় ইরানও।

    এর পরেই রবিবার সকালে একটি ফেসবুক পোস্টে খামেনেইয়ের মৃত্যুর খবর জানিয়ে শোকজ্ঞাপন করেন দিলীপ। ইরানের একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ভিডিয়ো ক্লিপিংস পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এক মার্কিন-ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর মেয়ে, জামাই এবং নাতিও প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।’

    সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই খবরও উঠে এসেছে দিলীপের পোস্টে। তার পরেই তিনি লিখেছেন, ‘খামেনেইয়ের আত্মার শান্তি কামনা করি।’ খামেনেইয়ের পূর্বসূরি আয়াতোল্লা রুহোল্লাহ খোমেইনির সঙ্গে ভারতের যোগ রয়েছে। তাঁর পূর্বপুরুষরা এক সময়ে উত্তরপ্রদেশের বারবাঁকিতে বাস করতেন। ফেসবুক পোস্টে সেই প্রসঙ্গও টেনেছেন দিলীপ। তিনি লিখেছেন, ‘খামেনেইয়ের পূর্বসূরী আয়াতোল্লা রুহোল্লাহ খোমেইনি বহুকাল আগে ভারত থেকেই ইরানে গিয়েছিলেন ইসলামিক শিক্ষার জন্য। ভারতীয় শিকড়ের সঙ্গে যোগ ছিল তাঁদের।’

    খামেনেইয়ের মৃত্যুর খবর পড়তে গিয়ে লাইভ টিভিতে কেঁদে ফেলেন ইরানের রাষ্ট্রীয় টিভি-র উপস্থাপক। তবে ইরানের সাধারণ মানুষের একটা বড় অংশ আনন্দিত। তাঁদের মতে, স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। এর থেকে বড় খবর আর কী হতে পারে! রাস্তায় আনন্দ, উল্লাস করছেন তাঁরা। আবার একটা বড় অংশ খামেনেইয়ের মৃত্যুতে শোকাহতও। ভারতের কাশ্মীরেও সেই শোকের ছবি দেখা গিয়েছে। এই সবের মধ্যে দিলীপের শোকবার্তা সাড়া ফেলে দিয়েছে। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    উল্লেখ্য, আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei) এবং শীর্ষ সামরিক কর্তাদের মৃত্যুর পরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে উঠেছে। পাল্টা আমেরিকার সেনা ঘাঁটিগুলিতে মিসাইল হামলা শুরু করেছে ইরানও। অন্য দিকে ইজ়রায়েলও থেমে নেই। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন, ‘যতদিন প্রয়োজন, ততদিন এই অভিযান চলবে।’

  • Link to this news (এই সময়)