• কমিশনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন অভিষেক
    আজকাল | ০২ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলার ভোটারদের প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। যা নিয়ে বিস্তর বিভ্রান্তি। এই অবস্থায় কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তুলোধনা করলেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে। নির্ধারিত সময়সীমার পর ফর্ম ৭ এর ব্যবহার সম্ভব হল কীভাবে তাও জানতে চাইলেন তিনি। 

    রবিহবার তৃণমূলের সাংবাদিক বৈঠকে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। তারপরই অভিষেক দাবি করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিজেপি আগে থেকেই লক্ষ্যমাত্রা স্থির করেছিল। তাঁর অভিযোগ, বিজেপি নেতাদের মুখে বহুবার এক কোটি ২০ লক্ষ নাম বাদের একটি হিসাব বার বার শোনা যায়। খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা এবং বিচারাধীন তালিকার পরিসংখ্যান যোগ করলে ঠিক ওই সংখ্যার ভোটারদেরই তালিকা থেকে বাদ দেওয়ার "ষড়যন্ত্র|" করা হয়েছে।

    বিজেপির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক ব্যানার্জির প্রশ্ন, "কমিশন কার নির্দেশে কাজ করছে?"  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির নির্দেশে চলছে বলেও অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সদস্য রিচা ঘোষের নামও ভোটার তালিকায় 'বিচারাধীন'। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে অভিষেকের তোপ, "তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন।" 

    শনিবার নির্বাচন কমিশন প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। ওই তালিকা তিনি সুপ্রিম কোর্টের কাছে জমা করবেন বলে জানিয়েছেন অভিষেক।

    শেষে তাঁর হুঙ্কার, "এসআইআর-ই করুন বা এফআইআর, ২০২৬-এ আপনারা (বিজেপি) ৫০-এর নীচে নেমে যাবেন। এক বছর আগে যা বলেছি, আজও তাই বলছি।"




     
  • Link to this news (আজকাল)