• বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ শ্রমিকের! ভয়াবহ বিপর্যয়
    আজকাল | ০২ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলার দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্ট টু এলাকায় নির্মাণকাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জন শ্রমিকের। রবিবার বিকেল প্রায় ৫টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে , একটি নির্মীয়মাণ বহুতলের কাজে ব্যবহৃত মিক্সার লিফট আচমকাই উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার শ্রমিকের। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও এক শ্রমিকের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই সেদিনও বিকেলে নির্মাণকাজ চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনের ঝলকানি দেখতে পান আশপাশের বাসিন্দারা। মুহূর্তেই কাজের জায়গায় চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা ছুটে এসে দেখেন, কয়েকজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েছেন। তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় এবং আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় আরও তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নির্মাণস্থলের খুব কাছ দিয়ে উচ্চভোল্টেজের বিদ্যুতের তার থাকলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণকাজের সময় পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্মাণকাজের দায়িত্বে থাকা সংস্থা ও সংশ্লিষ্ট ঠিকাদারের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। একইসঙ্গে আহতদের চিকিৎসার খরচ বহন ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে।

    এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ দিনহাটা। এক মুহূর্তের অসাবধানতায় পাঁচটি পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার। শ্রমিক সুরক্ষা ও নির্মাণক্ষেত্রে নিরাপত্তা বিধি কার্যকর করা নিয়ে আবারও বড় প্রশ্নের মুখে প্রশাসন।
  • Link to this news (আজকাল)