আজকাল ওয়েবডেস্ক: আজ ICC Men's T20 World Cup–এর ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে ঘিরে শহরে উৎসবের আবহের মধ্যেই সামনে এল টিকিট কালোবাজারির অভিযোগ। সাধারণ দর্শকদের কাছে বেশি দামে ম্যাচের টিকিট বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট পাঁচটি ম্যাচের টিকিট উদ্ধার (বাজেয়াপ্ত) করা হয়েছে বলে জানা গিয়েছে।
ম্যাচ চলাকালীন স্টেডিয়াম চত্বরের বাইরে সন্দেহজনকভাবে টিকিট বিক্রির চেষ্টা করতে দেখা যায় তাঁদের। অভিযোগ, নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি দামে টিকিট বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাঁদের কাছ থেকে মোট পাঁচটি টিকিট উদ্ধার হয়, যা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ময়দান থানায় ৬২-সিসি-৪/৬৮ ধারায় (Calcutta Police Act) মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ময়দান থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে ম্যাচ ঘিরে শহরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। টিকিট কালোবাজারি রুখতে পুলিশ ও প্রশাসন বিশেষ নজরদারি চালাচ্ছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাধারণ দর্শকরা প্রতারণার শিকার না হন।
ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার সুযোগ নিয়ে কেউ যাতে আর্থিক ফায়দা তুলতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক বলেই দাবি পুলিশের। তদন্ত চলছে।