• সাড়ে ৪ লক্ষ টাকা খরচে তিলপাড়া-সতীঘাট শ্মশানের সংস্কার করবে জেলা পরিষদ
    বর্তমান | ০১ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, সিউড়ি: তিলপাড়া সতীঘাট শ্মশানের সার্বিক উন্নয়নের উদ্যোগ নিল জেলা পরিষদ। প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা খরচে সেই কাজ করা হবে। জেলা পরিষদের অর্থ ও পরিকল্পনা স্থায়ী সমিতির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে দাবি জেলা পরিষদের।

    সিউড়ি শহর থেকে কিলোমিটার দু’য়েক দূরে ময়ূরাক্ষী নদীর তিরে রয়েছে এই সতীঘাট শ্মশান। সিউড়ি ও আশেপাশের লোকজন এই শ্মশানে মৃতদেহ সৎকার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে ওই শ্মশানের অবস্থা বেহাল। এলাকাবাসী ও শববাহীদের দীর্ঘদিনের অভিযোগ, শ্মশানের একটি বড় এলাকায় নেই কোনো আলোর ব্যবস্থা। জাতীয় সড়ক থেকে যে রাস্তা দিয়ে শ্মশান যেতে হয়। সেই রাস্তায় কোনো আলো নেই। রাস্তার দু’পাশ গাছপালায় ঢেকে গিয়েছে। এর মাঝে আলো না থাকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। এমনকি , মৃতদেহ পোড়ানোর জায়গাতেও নেই কোনো আলো। মৃতদেহ সৎকারের জন্য শবযাত্রীদের চার্জার লাইট নিয়ে যেতে হয়। অন্যথা রাতের অন্ধকারে মৃতদেহ সৎকার করা মুশকিল হয়ে যায়। এমনকি, সাধারণ মানুষের সুবিধার্থে পঞ্চায়েত এলাকায় থাকা শ্মশানে পুরসভার উদ্যোগে লাইট লাগানোর ব্যবস্থা করা হয়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হয়।

    জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের এই সমস্যার কথা বারবার জেলা পরিষদের কানে এসেছে। তাই গত বছর সেপ্টেম্বর মাসে জেলা পরিষদের অর্থ ও পরিকল্পনা স্থায়ী সমিতির বৈঠকে বিষয়টি আলোচনা করা হয়। শ্মশানের কোথায় কোথায় কী কী সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়। সেই মতো এলাকায় একটি সার্ভে হয়। সেই রিপোর্টের ভিত্তিতে শ্মশানের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, শ্মশানে দু’টি পৃথক পৃথক কাজ হবে। শ্মশানজুড়ে যেভাবে আগাছার জঙ্গল গজিয়ে উঠেছে, তা পরিষ্কার করে সঠিক পরিবেশ গড়ে তুলতে ২ লক্ষ ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আর যেখানে চিতা জ্বালানো হয়, সেই শেডগুলির অবস্থাও খারাপ। তাই সেগুলিকে সংস্কারের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

    জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, তিলপাড়া শ্মশানের উপর সিউড়ি ও আশেপাশের এলাকার প্রচুর মানুষ নির্ভর করেন। সেই শ্মশানের বেহাল দশার খবর আমাদের কানে এসেছিল। তাই সাধারণ মানুষের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।
  • Link to this news (বর্তমান)