• দোলের আগে অগ্নিমূল্য সবজি, ভোগের আয়োজন করতে নাভিশ্বাস মঠ-মন্দিরে
    বর্তমান | ০১ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, নবদ্বীপ: দোলের আগে নবদ্বীপের বাজারে আচমকা সবজির দাম বেড়ে গিয়েছে। ফলে ভক্ত, পুণ্যার্থী ও বিদেশি অতিথিদের আপ্যায়ন করতে গিয়ে নাভিশ্বাস উঠছে মঠ-মন্দির কর্তৃপক্ষের। সবাইকে তিনবেলা প্রসাদ খাওয়াতে গিয়ে আপস করতে হচ্ছে চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে।

    দোল উৎসবের সঙ্গে নবদ্বীপবাসীর আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু। সেই অর্থে ঘরের ছেলের জন্মদিনও। দোলপূর্ণিমা তাই এখানে গৌরপূর্ণিমা। ফলে, অতিথি আপ্যায়নে মঠ-মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে নবদ্বীপবাসী অনেক বেশি উদার। প্রসাদের থালিতে হরেক পদ সহকারে খাওয়ানো এখানকার বহুকালের ঐতিহ্য। এবার সেখানেই বাধ সাধছে সবজির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। সব মঠ-মন্দিরে প্রতিদিনই দেবতার উদ্দেশে ভোগ নিবেদন করতে হয়। কিন্তু দোল উৎসবের ঠিক আগে শাক-সবজি থেকে ছানা, পনির সবকিছুরই দাম বেড়ে গিয়েছে।

    শনিবার নবদ্বীপের বাজারে আলু ২০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, উচ্ছে ১২০-১৫০ টাকা, পটল ২০০-২৫০ টাকা, সজনে ডাঁটা ১৫০-২০০ টাকা, লংকা ১২০-১৫০ টাকা, দেশি এঁচোড় ৮০-১০০ টাকা, ঢেঁড়স ১০০-১৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। আবার প্রতি কেজি ঝিঙে ৮০-১০০ টাকা, লাউ ১৫-২০ টাকা, সিম ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। মটরশুঁটি ২৫-৩০ টাকা, বাঙাল ডাঁটা ২০-৩০ টাকা, কুমড়ো ২৫-৩০ টাকা, রাঙাআলু ৩০-৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, টম্যাটোর ১৫-২০ টাকা কেজি। ফুলকপি প্রতি পিস ৩০-৩৫ টাকা। পালং শাক ২০-২৫ টাকা, বিন ৪০-৫০ টাকা কেজি। পনির ৩৫০-৫০০ কেজি দরে বিক্রি হচ্ছে। নবদ্বীপ পোড়ামাতলা রোডের শ্রীকুঞ্জ রাধাশ্যামসুন্দর মন্দিরের অধ্যক্ষ প্রভুপাদ তরুণকৃষ্ণ গোস্বামী বলেন, হঠাৎ করে সবজির দাম অনেকটা বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়েছি। কিন্তু, সেবা-পূজার আয়োজন তো করতেই হবে। উৎসবের কয়েকদিন আমাদের মন্দিরে প্রতিদিন কয়েকশো ভক্তের জন্য দিনে ও রাতে প্রসাদের আয়োজন করতে হয়। সবজির দাম বৃদ্ধি রোধে প্রশাসনের নজরদারির প্রয়োজন। নবদ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের বিষ্ণুপ্রিয়া সমিতির সম্পাদক জয়ন্তকুমার গোস্বামী বলেন, দোলের ক’দিন আগে থেকে কিছু সবজির দাম অস্বাভাবিক বেড়েছে। তবে, তার জন্য ভগবানের ভোগের আয়োজনে কোনো ত্রুটি হবে না। দোলপূর্ণিমায় প্রভুর জন্মদিনে ভক্তরা একটু প্রসাদের আশা করেন। সেক্ষেত্রে সমস্যা হলেও ভগবানের জন্মদিনে তাঁর ভোগে কোনো হেরফের হবে না। নবদ্বীপ গোঁসাই বাজারের সবজি বিক্রেতা মানিকচন্দ্র সাহা বলেন, মঠ-মন্দিরগুলিতে উৎসব চলায় সবজির দাম তুলনামূলক একটু বেড়েছে। পটল, ঝিঙে, সজনে ডাঁটা, উচ্ছে, ঢেঁড়শের মতো নতুন ওঠা সবজির আমদানি কম হওয়ায় দাম আগের তুলনায় সামান্য বেড়েছে। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতির কারণে দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। নবদ্বীপে বিভিন্ন মন্দিরে অসংখ্য মানুষের আগমন হয়। সেই সুযোগে কিছু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের চেষ্টা করেন। পুরসভার তরফে ব্যবসায়ীদের কাছে আবেদন রাখা হয়েছে, কোনোভাবেই জিনিস মজুত করে দাম বাড়ানো যাবে না। আমরা বাজারগুলিতে নজরদারি চালাচ্ছি।
  • Link to this news (বর্তমান)