• ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে হবে অস্কারকে
    বর্তমান | ০১ মার্চ ২০২৬
  • বিকাশ পাঁজি: চকচক করলেই তা সোনা হয় না। অস্কার ব্রুজোঁকে দেখে বহু ব্যবহৃত প্রবাদটাই মনে পড়ছে। জামশেদপুরের কাছে হারের পর ইস্ট বেঙ্গল সমর্থকদের মতো আমিও হতাশ। স্বীকার করতে দ্বিধা নেই স্প্যানিশ কোচের সিদ্ধান্তেই ডুবল ইস্ট বেঙ্গল। খারাপ রেফারিং তো পিছুতাড়া করছেই। মোদ্দা কথা, ১৩ ম্যাচের লিগে শুরুতেই চাপে আমার প্রিয় দল। পরের গোয়া ম্যাচ কার্যত ফাইনাল। ৩ পয়েন্ট না পেলে অনেকটাই পিছিয়ে পড়বে লাল-হলুদ ব্রিগেড। অস্কার, সব শেষ হয়ে যাওয়ার আগে জ্বলে উঠুন। মনে রাখতে হবে, লড়াই ইস্ট বেঙ্গলের রক্তে। দু’একটা ফাইন টিউনিং করতে পারলে মিগুয়েলরা ভয়ঙ্কর হওয়ার ক্ষমতা রাখে।

    কোথায় ভুল করলেন অস্কার? পাঠক, সাউলের জায়গায় সোয়বার্গকে খেলানো অর্থহীন। খেলা দেখে মনে হয়েছে, নিজের পজিশনই বুঝতে পারেনি ড্যানিশ বিদেশি। মিডফিল্ডে একটা সময় কার্যত হাবুডুবু খেল ইস্ট বেঙ্গল। দ্রুত ভুল শুধরে নেওয়ার বদলে দীর্ঘক্ষণ সোয়বার্গকে বয়ে বেড়ালেন অস্কার। বরং পরিবর্ত হিসাবে খেলিয়ে ওকে শেপে আনা জরুরি। ইউসেফকে তুলে নেওয়ার সিদ্ধান্তও বিস্ময়কর! দলের এক নম্বর স্ট্রাইকারের বদলে ডেভিড কেন? পুরোপুরি চাপকে আমন্ত্রণ জানালেন স্প্যানিশ কোচ। মাঝমাঠে ব্লকার নেই। মোক্ষম সময়ে রশিদের কিছু মিসপাসও বিপদ ডেকে আনছে। সাউল কবে মাঠে ফিরবে কে জানে! কেভিন সিবলের অভাবও বোঝা গেল। ইস্ট বেঙ্গলে কোনও বিদেশি ডিফেন্ডার নেই। ট্রান্সফার উইন্ডোয় রাহুল ভেকের মতো ভারতীয় ডিফেন্ডারকে তুলে রাখলে রক্ষণ নিয়ে ভাবতে হত না। বিপক্ষে ভালো মানের বিদেশি স্ট্রাইকার থাকলে সমস্যা আরও বাড়বে। এই দলে প্রকৃত গেমচেঞ্জার মিগুয়েল। কিন্তু কোনও কোচই ওকে খেলার স্পেস দেবে না। মিগুয়েলকে লক্ষ্য করে কড়া ট্যাকল ধেয়ে আসবে। অবিলম্বে প্ল্যান ‘বি’ ভাবা উচিত স্প্যানিশ কোচের। ঘটা করে জেরিকে সই করানো হয়েছে। কিন্তু খেলানো হচ্ছে না কেন? নন্দর বদলে জেরি তো ভালো অপশন হতে পারে।

    রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন উঠছে। প্রযুক্তি বা ভার চালু না হলে বিতর্ক আরও বাড়বে। জামশেদপুরের প্রথম গোলের কথাই ধরুন। এজের হেড করার সময় গোলকিপার গিলকে প্রায় গার্ড করে ছিল সানান। গত মরশুমে ইস্ট বেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচটা মনে করুন। নাওরেম মহেশ গোল করার পরেও তা বাতিল করেন রেফারি। দিয়ামানতাকোস গার্ড করেছিল গুরপ্রীতকে। একই যুক্তিতে এজের গোলও বাতিল করা উচিত। এখানেই শেষ নয়। ইস্ট বেঙ্গল পেনাল্টি পেলেও অবাক হওয়ার থাকত না। তবে এসব বলে ছন্নছাড়া ফুটবলকে আড়াল করা অর্থহীন।
  • Link to this news (বর্তমান)