• ‘আমি শোকাহত’, আমিরশাহির প্রেসিডেন্টকে ফোন, নাম না করে ইরানের হামলার নিন্দা মোদীর
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধের আগুন (War at Middle East)। আকাশ জুড়ে যুদ্ধবিমানের দাপাদাপি। ইজ়রায়েলি এয়ার স্ট্রাইকের পাল্টা দিতে দুবাই এবং আবু ধাবিতে মিসাইল হামলা করেছে ইরান। এই পরিস্থিতিতে রবিবার সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (President of the United Arab Emirates (UAE), Sheikh Mohamed bin Zayed Al Nahyan) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

    পরে ফেসবুকে পোস্ট করে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার কথা জানান মোদী নিজেই। নাহিয়ানকে ভাই সম্বোধন করে তিনি লিখেছেন, ‘সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট, আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা হলো। আমিরশাহির উপরে হামলার তীব্র নিন্দা জানাই।’ তবে ইরানের নাম নেননি তিনি। পোস্টে আরও লিখেছেন, ‘প্রাণহানির ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভারত আমিরশাহির পাশে রয়েছে।’ একই সঙ্গে আমিরশাহিতে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য নাহিয়ানকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

    এ দিন সকাল থেকেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আমিরশাহি। রাজধানী আবু ধাবিতে আমেরিকান সেনার ঘাঁটি রয়েছে। সেখানেই হামলা করে ইরানের সেনা। শুধু তাই নয়, দুবাই বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। হামলা শুরু পরে গত কাল রাতেই খালি করে দেওয়া হয়েছে বুর্জ খালিফাও। দুবাইয়ে ইরানের হামলা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei) এবং শীর্ষ সামরিক কর্তাদের মৃত্যুর পরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে উঠেছে। পাল্টা আমেরিকার সেনা ঘাঁটিগুলি মিসাইল হামলা শুরু করেছে ইরানও। অন্য দিকে ইজ়রায়েলও থেমে নেই। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন, ‘যতদিন প্রয়োজন, ততদিন এই অভিযান চলবে।’ এর মধ্যেই আমিরশাহির প্রেসিডেন্টকে মোদীর ফোন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

    উল্লেখ্য, শনিবার রাতে শনিবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির (Iranian Foreign Minister Seyed Abbas Araghchi) সঙ্গে ফোনে কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও (External Affairs Minister S. Jaishankar)। পশ্চিম এশিয়ার (Middle East) ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তাও দিয়েছিলেন আরাঘচিকে।

  • Link to this news (এই সময়)