• ‘দ্রুত যুদ্ধ বন্ধ হওয়া দরকার’, ফোনে বললেন নেতানিয়াহুকে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • ক্রমশ উত্তপ্ত হচ্ছে পশ্চিম এশিয়ার (Middle East Under Attack) পরিস্থিতি। লাগাতার চলছে হামলা আর পাল্টা হামলা। এই আবহে রবিবার গভীর রাতে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Israeli Prime Minister Benjamin Netanyahu) ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Of India Narendra Modi)। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সংঘর্ষ বিরতির কথাও বলেন নেতানিয়াহুকে। উল্লেখ্য, নেতানিয়াহুকে ফোন করার কিছুক্ষণ আগেই সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকেও ফোন করেছিলেন মোদী।

    একটি X পোস্টে নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা জানিয়ে মোদী লেখেন, ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললাম। একের পর এক ঘটনায় ভারত যে উদ্বিগ্ন, তা জানিয়েছি।’ সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন মোদী। একই সঙ্গে তিনি লিখেছেন, ‘যুদ্ধ বা সংঘর্ষ দ্রুত বন্ধ হওয়া দরকার।’

    এ দিন তামিলনাড়ু সফর থেকে নয়াদিল্লিতে ফিরেই ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠকে যোগ দেন মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ শীর্ষ আধিকারিকরা ছিলেন বলে জানা গিয়েছে। মূলত পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা এবং তাঁদের ফিরিয়ে আনা নিয়েই আলোচনা হয়। ইরানে প্রায় ১০ হাজার, ইজ়রায়েলে ৪০ হাজারের বেশি এবং গোটা পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে প্রায় ৯০ লক্ষ ভারতীয় বাস করেন বলে জানা গিয়েছে।

    হরমুজ় প্রণালী (Strait of Hormuz) বন্ধ করে দেওয়ার প্রভাব নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। দেশের মোট অপরিশোধিত তেলের ৮০ শতাংশের বেশি আমদানি করা হয়, যার বেশিরভাগই আসে হরমুজ় প্রণালী হয়ে। ফলে পেট্রল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। দাম বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীরও।

    এ দিন নেতানিয়াহুকে ফোন করার আগে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেন মোদী। নাম না করে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আমিরশাহিতে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য নাহিয়ানকে ধন্যবাদও জানিয়েছেন মোদী।

  • Link to this news (এই সময়)