নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘নাগরিকদের ভোটাধিকার, এই আমাদের অঙ্গীকার।’ —এই স্লোগানকে সামনে রেখে ফের পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ মার্চ, শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা-অবস্থানে বসবেন তিনি। কর্মসূচি শুরু হবে দুপুর ২টোয়। এক বিবৃতিতে তৃণমূল জানিয়েছে, বাংলা-বিরোধী বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত এসআইআরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণ চক্রান্তের বিরুদ্ধে এই কর্মসূচি। রবিবার এই কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেট্রো চ্যানেলের যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আগে অনশন কর্মসূচি করেছিলেন, সেখানেই ৬ মার্চ ধরনা-অবস্থান করবেন তিনি। সেদিন ওই মঞ্চ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে।
এই কর্মসূচিতে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড। বাকি জেলার নেতা-কর্মীরা নিজেদের জায়গায় থাকবেন এবং এসআইআর প্রক্রিয়ায় তাঁদের নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৪ নভেম্বর এসআইআর প্রক্রিয়ায় গণনা ফর্ম বিলি শুরু করে কমিশন। সেদিনও কলকাতার রাজপথে মিছিল করেন মমতা। পরবর্তী এসআইআর প্রক্রিয়ায় বিজেপির চক্রান্তের প্রতিবাদে কলকাতা ও জেলার একাধিক জায়গায় সভা, মিছিল থেকে সরব হন তিনি। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টেও পৌঁছে যান তিনি। আর এবার এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের পর ফের রাস্তায় নামছেন ‘অগ্নিকন্যা’।
অন্যদিকে, ভবানীপুর বিধানসভা আসন নিয়ে বিজেপি যতই হইচই করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন আরও বাড়তে চলেছে বলে দাবি অভিষেকের। তাঁর বক্তব্য, যদি দেড় লক্ষ ভোট পড়ে, কমপক্ষে ১ লক্ষ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন।