মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা দ্বিগুণ করল লালবাজার
বর্তমান | ০২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষের মধ্যেই কলকাতার মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বৃদ্ধি করল লালবাজার। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার একটি নির্দেশিকা জারি করেছেন। সূত্রের খবর, স্বাভাবিক সময়ের তুলনায় শহরের মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। ওই দূতাবাসে বাড়তি বাহিনীর মধ্যে মূলত রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) ও আর্মড পুলিশ। উল্লেখ্য, কলকাতার দূতাবাসটি শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত। সংশ্লিষ্ট থানাকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন লালবাজার প্রধান। প্রসঙ্গত, ইরানে আমেরিকার হামলায় সেদেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যু হয়েছে। মার্কিন আগ্রাসনের প্রতিবাদে শনিবার ধর্মতলা থেকে মিছিল করে ইসইউসিআই। গন্তব্য ছিল মার্কিন কনস্যুলেট। কিন্তু, গন্তব্যে পৌঁছনোর অনেক আগেই সেই মিছিল আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরেই লালবাজারের তরফে বিশেষ নির্দেশিকায় বৃদ্ধি করা হয়েছে মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা।