• স্বপ্নাকে ঘিরে উন্মাদনা তৃণমূলে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী রাজবংশী মুখ
    বর্তমান | ০২ মার্চ ২০২৬
  • সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে স্বপ্না বর্মন ডাবগ্রাম-ফুলবাড়িতে আসায় চাপে পড়ে গিয়েছে বিজেপি। ভোটের দামামা বেজে গেলেও কোনো দলই এখনও প্রার্থী ঘোষণা করেনি। শুক্রবার কলকাতা থেকে ফিরতেই স্বপ্না বর্মনকে এনজেপি স্টেশন থেকে সরাসরি ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল পাটি অফিসে নিয়ে গিয়ে সংবর্ধনা জানিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করানো হয়। এতেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের সঙ্গে বিজেপিও মনে করছে, ডাবগ্রাম-ফুলবাড়িতে স্বপ্নাকে প্রার্থী করতে পারে তৃণমূল।

    সম্ভাব্য এই অঙ্কে গেরুয়া শিবির চিন্তিত। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজবংশী ভোটারের সংখ্যা বেশি। আর এখানে রাজবংশী মুখকে প্রার্থী করার দাবি বারবার উঠেছে বিভিন্ন দলের। এবার যদি তৃণমূলের হয়ে স্বপ্না বর্মন প্রার্থী হন তাহলে রাজবংশী ভোট তাঁর দিকে ঝুঁকবে। এমনটাই আশঙ্কা বিজেপির। তাতে গেরুয়া গড়ে আসন ধরে রাখা যে কঠিন হয়ে পড়বে তা আড়ালে মানছেন পদ্ম নেতারা।

    বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে স্বপ্না বর্মনকে নিয়ে চিন্তায় থাকার কথা বলছে না। কিন্তু সম্প্রতি দলের মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা সভানেত্রী হিসেবে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার রাজবংশী মহিলা প্রীতি বর্মনকে মনোনীত করে স্বপ্না বর্মন ভীতি প্রকাশ্যে এনে দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, স্বপ্নাকে দেখে রাজবংশী ভোট তৃণমূলে যাওয়া আটকাতে প্রীতিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। প্রীতি রাজবংশী মুখ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার বাসিন্দা।

    বিজেপির এক স্থানীয় নেতা বলেন, প্রীতি বর্মন আমাদের দলের দীর্ঘদিনের কর্মী এবং স্থানীয় বাসিন্দা। দলে তাঁর এত বড় পদ পাওয়াটা ভোটের লড়াইয়ে আমাদের বাড়তি সুবিধা দেবে বলেই আশা। এর আগে এখান থেকে কোনো মহিলা এই সম্মান পাননি।

    যদিও বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সংখ্যালঘু সেলের সভপতি মতিউর রহমান বলেন, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী মনোনয়ন স্বপ্না বর্মনের তৃণমূলে যাওয়ার অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। আর এই বিধানসভা এলাকার মানুষের কাছে তৃণমূলের স্থান নেই। প্রার্থী করার মতো তৃণমূলের স্থানীয় কেউ নেই। তাই বাইরে থেকে কাউকে প্রার্থী করার কথা ভাবতে হচ্ছে ওদের।

    এদিকে, শুক্রবার স্বপ্নাকে সামনে পেয়ে ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূলের ঐক্যবদ্ধ যে চিত্র প্রকাশ্যে এসেছে তা নিয়েও পদ্ম শিবিরে চর্চা চলছে। পদ্ম শিবির সূত্রে খবর, স্বপ্নার পালটা হিসাবে প্রীতি বর্মনকে বিজেপি রাজবংশী ভোট টানার জন্য ব্যবহার করতে চাইছে। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।
  • Link to this news (বর্তমান)