• ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর টোপ, ১৩ লক্ষ খোয়ালেন বাগুইআটির প্রৌঢ়
    বর্তমান | ০২ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ওয়ার্ক ফ্রম হোম। বাড়িতে বসে কাজ। টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সেই কাজ করতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়ে ১৩ লক্ষ টাকা খোয়ালেন বাগুইআটির এক প্রৌঢ়। এ ব্যাপারে তিনি সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি ফাঁদে পা দেওয়ার পর প্রতারকরা তাঁকে কাজের প্রস্তাব দেয়। একটি ট্রাভেল পোর্টালের মাধ্যমে হোটেল রিজার্ভেশন করে আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বাড়িতে বসে কাজের সুযোগ। তাই সুযোগ হাতছাড়া করতে চাননি প্রৌঢ়।

    প্রতারকরা ওই প্রৌঢ়কে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। রিজার্ভেশনের কাজের সঙ্গে হোটেল বুকিংয়ের ব্যবসা থেকে তাঁকে মুনাফার প্রস্তাব দেওয়া হয়। কিছু টাকা বিনিয়োগ করতে বলা হয়। শুরুর দিকে তিনি অল্প কিছু টাকা ফেরত পান। তাতে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এরপর প্রতারকরা তাকে ‘লাক্সারি রিজার্ভেশন’ আপগ্রেড, সিকিউরিটি ডিপোজিট এবং কর পরিশোধের নামে বারবার বড় অঙ্কের টাকা জমা দিতে বলে। তিনি মোট ১৩ লক্ষ টাকা দিয়ে ফেলেন। কিন্তু উপার্জনের কোনো টাকাই আর ফিরে পাননি। তখন তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তারপরই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ‘ওয়ার্ক ফ্রম হোম’ টোপ নতুন নয়। এর আগেও এই ধরনের প্রতারণা ঘটেছে। তাই যে কোনো কাজ শুরু করার আগে ভালো করে যাচাই করতে হবে। তা না হলেই বিপদ।
  • Link to this news (বর্তমান)