• ভোটের ডিউটিতে এসে মৃত্যু CRPF আধিকারিকের, বর্ধমানে চাঞ্চল্য
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ডিউটিতে এসে মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর (Central Force) এক আধিকারিকের। মৃতের নাম নগেন্দ্র সিং (৫৬)। তিনি CRPF-এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। রবিবার পূর্ব বর্ধমান (Bardhaman) জেলায় ভোটের ডিউটিতে আসেন এক কোম্পানি CRPF জওয়ান। তাঁদের মধ্যেই ছিলেন নগেন্দ্র। কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু, তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

    সূত্রের খবর, নগেন্দ্র বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকার বাসিন্দা। তিনি বিহারের জামুইয়ে CRPF-এর ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখান থেকেই এক কোম্পানি জওয়ানের সঙ্গে পূর্ব বর্ধমানে ডিউটিতে এসেছিলেন তিনি। এ দিন সন্ধ্যায় হঠাৎই অসুস্থ বোধ করেন নগেন্দ্র। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

    সহকর্মীরা নগেন্দ্রকে রাত ন’টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bardhaman Medical College Hospital) নিয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি নিয়ে চ্কিৎসা শুরু করেন চিকিৎসকরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় নগেন্দ্রর। ইতিমধ্যেই নগেন্দ্রর পরিবারে খবর দেওয়া হয়েছে।

    পুলিশ নগেন্দ্রর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তার পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • Link to this news (এই সময়)