• বঙ্গে ভোটের প্রস্তুতি নিয়ে সোমবারই ভার্চুয়াল বৈঠক কমিশনের, উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিকও
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • এই সময়: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল। বাংলায় ভোটের প্রস্তুতি নিয়ে আজ, সোমবার সকাল ১১টায় জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকল নির্বাচন কমিশন (ইসি)। রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসারদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এবং এনফোর্সমেন্ট এজেন্সির প্রধানদের এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও উপস্থিত থাকবেন। আজ সারা দিন এই বৈঠক চলবে।

    এর আগে রবিবার দেশের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের রাজ্যে এসে সরেজমিনে ভোটের প্রস্তুতি পর্যালোচনা করার কথা ছিল। এই প্রতিনিধিদলে কমিশনের তথ্যপ্রযুক্তি অধিকর্তা সীমা খান্নারও থাকার কথা ছিল। কিন্তু রবিবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ–সি পরীক্ষা এবং কলকাতায় টি-২০ ম্যাচের জন্য রাজ্য সরকার আপত্তি জানায়। পাশাপাশি সামনে দোল ও হোলিও রয়েছে। আবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে কমিশনের ডিজি আইটি সীমা খান্না–সহ প্রতিনিধিদলকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে, এম ন আশঙ্কাও ছিল কোনও কোনও মহলে। তাই সেই সফর বাতিল হলেও আজ, সোমবার ভার্চুয়াল বৈঠক সারবেন কমিশনের কর্তারা। কমিশন সূত্রে খবর, সাধারণত বিধানসভা বা লোকসভা ভোট ঘোষণার আগে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ রাজ্য সফরে আসে। এটাই রেওয়াজ। এ বার সামনেই বিধানসভার ভোট। কমিশনের ফুলবেঞ্চ ভোটমুখী অসম, তামিলনাড়ু গেলেও ভোট ঘোষণার আগে পশ্চিমবঙ্গে আসবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। তাই ভোট প্রস্তুতি চূড়ান্ত করতে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তাদের ব্যবহার, সংবেদনশীল বুথ— এই সব প্রসঙ্গ উঠে আসতে পারে।

    এ দিকে বিশ্বজয়ী বাঙালি মহিলা ক্রিকেটার রিচা ঘোষের অ্যাজুডিকেশন তালিকায় নাম ওঠা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ২০০২–এর তালিকায় আনম্যাপড থাকার পরে রিচার পরিবারের লোকজন ‘সার’–এর শুনানিতে আসেন এবং প্রয়োজনীয় নথি জমা করেছিলেন। কিন্তু দেখা গিয়েছে, সংশ্লিষ্ট ইআরও বা এইআরও সেই কেস ডিসপোজ় করেনি। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই কেসটি বিচারাধীন তালিকায় থেকে গিয়েছে। এর জন্য সংশ্লিষ্ট ইআরও বা এইআরও–এর থেকে নির্দিষ্ট কারণ জানতে চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

  • Link to this news (এই সময়)