আজকাল ওয়েবডেস্ক: গত শনিবারই বাংলায় প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা ঘিরে বিস্তর অভিযোগ সামনে এসেছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন।
কবে হতে পারে ছাব্বিশের বিধানসবা ভোটের দিনক্ষণ ঘোষণা? তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্যে ভোটের দিন ঘোষণার আগে শীর্ষ পুলিশ কর্তা, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। আলোচনা হবে আধা সামরিক বাহিনীর সঙ্গেও।
কমিশন জানিয়েছে, আজ, সোমবার (২ মার্চ, ২০২৬) রাজ্যের নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপি'দের সঙ্গে বৈঠক করা হবে। সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নানা পর্যায়ে হবে এই প্রস্তুতি বৈঠক।
মঙ্গলবারও হবে বৈঠক। হাজির থাকবেন, সিইও, এসপিএনও, সিএপিএফ নোডাল অফিসারেররা। এছাড়াও থাকার কথা আধা সামরিক বাহিনীর কর্তাদের।
বাংলার আইন-শৃঙ্খলার অবস্থা, আধা সেনা মোতায়েন-সহ ভোটের নানা বিষয় নিয়ে এই প্রস্তুতি বৈঠকে আলোচনা হওয়ার কথা বলে কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে আধা সেনা। শুরু হয়েছে তাদের রুট মার্চ।
শনিবার প্রকাশিত প্রথম পর্যায়ের চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ৬,৪৪,৫২,৬০৯ জন ((পুরুষ: ৩,২৮,১০,৮৭২; মহিলা: ৩,১৬,৪০,৫৮৫; তৃতীয় লিঙ্গ: ১,১৫২)। গত ১৬ ডিসেম্বর ২০২৫-এর খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৭,০৮,১৬,৬৩০ জন। অর্থাৎ, চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কমেছে ৬৩,৬৪,০২১ জন। এর মূল কারণ হিসেবে বিপুল সংখ্যক নাম 'বিচারাধীন' বা 'Under Adjudication' থাকা এবং নাম বাদ দেওয়াকে চিহ্নিত করা হয়েছে।
বিচারাধীন ভোটার: প্রায় ৬০,০৬,৬৭৫টি নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এগুলির নিষ্পত্তি করলে পরবর্তী তালিকায় এই নামগুলো আপডেট করা হবে।