হু হু করে বাড়ছে গরম। সকাল থেকেই টের পাওয়া যাচ্ছে 'গ্রীষ্ম যে এসে গেছে'। আর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে চলতি সপ্তাহে একবারে উধাও হয়ে যাবে শীতের আমেজ। গরম বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।
কেন বাড়তে চলেছে তাপমাত্রা?
এর কারণ সম্পর্কে জানিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আবার আজ, অর্থাৎ সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যার জেরেই গরম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এই প্রসঙ্গে বলে রাখি, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। যার জেরে কলকাতা সহ একাধিক জেলায় বাড়তে শুরু করেছে কুয়াশার দাপট। যদিও বেলা বাড়ার পরই কুয়াশা কমছে। তখন বৃদ্ধি পাচ্ছে রোদের দাপট।
দোলে কেমন থাকবে আবহাওয়া?
আগামী ৭ দিন কলকাতা সহ দক্ষিণের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও বাড়তে পারে গরম।
আবহাওয়া দফতরের তরফে খবর, রোজই পারদ চড়ছে। আর এই ট্রেন্ড বজায় থাকলে কলকাতা ও দক্ষিণের অন্যান্য জেলায় দোলের দিন সকালের দিকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে পারদ। আগামী তিনদিনে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সেই কারণে যে গরমের অনুভূতি বৃদ্ধি পাবে, এই কথা তো বলাই বাহুল্য!
এছাড়া হাওয়া অফিস আরও নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এই সপ্তাহ থেকেই শীত বিদায় নিশ্চিত। গত কয়েক দিন যে ঠান্ডার রেশ ছিল, সেটাও আর মিলবে না। তবে এই প্রসঙ্গে বলে রাখি, সকালের দিকে গরম বাড়লেও, রাতের তাপমাত্রায় তেমন একটা বদল হবে না।
কলকাতার কী খবর?
দক্ষিণবঙ্গের মতোই থাকবে কলকাতার আবহাওয়া। এখানেও তাপমাত্রা বাড়তে পারে দোলের দিন। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে রাতের তাপমাত্রা খুব একটা বাড়বে না। পাশাপাশি বৃষ্টির আশঙ্কাও নেই।
উত্তরবঙ্গে কী হবে?
দক্ষিণবঙ্গে বাড়ছে গরম। তবে উত্তরে আবহাওয়া মনোরম। সেখানে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিশেষত, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মতোই তরাই অঞ্চলে তাপমাত্রা বৃষ্টির আশঙ্কা রয়েছে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।