• বাড়ির বাগানের সবজি, ফুল দিয়ে ভেষজ আবির তৈরি করছেন গৃহবধূ যোগমায়া
    বর্তমান | ০২ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: সামনেই রঙের উৎসব। তার আগে নিজের বাগানের সবজি, ফুল দিয়ে ভেষজ আবির তৈরি করেছেন বারুইপুর এলাকার এক গৃহবধূ যোগমায়া। সেই ভেষজ আবিরেই পরিবারের সদস্যরা মাতবেন দোল উৎসবে। এই নিয়ে তৃতীয়বার এই কাজ করলেন যোগমায়া।

    বারুইপুরের শিখরবালি ২ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা গৃহবধূ যোগমায়া সর্দার। এলাকায় ও বাড়িতে তিনি পরিচিত পাপড়ি নামে। তিনি আবার ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও গবেষক। তাঁর বাড়ির বাগানে তৈরি বিট, পালং শাক আর পলাশফুল, তুলসীপাতা, নিমপাতা, জবাফুল দিয়ে তৈরি করেছেন ভেষজ আবির। যোগমায়াদেবীর কথায়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও দেখেই ভেষজ আবির তৈরি করার সিদ্ধান্ত নিই। বাড়ির বাগান থেকেই সব জোগাড় হয়েছে। আর কাজে সাহায্য করেছেন স্বামী। আমার তিন বছরের মেয়েও এই আবির খেলার জন্য অপেক্ষা করছে।

    যোগমায়া আগেও ভেষজ আবির তৈরি করেছেন গাঁদা ও অপরাজিতা ফুল দিয়ে। তাঁর কথায়, এবার বাগানের সবজি আর পলাশ ফুল ভালো হওয়ায় এই দিয়েই আবির তৈরি করতে বসে গিয়েছিলাম। বাজারের বিভিন্ন আবিরে অনেক সময় রাসায়নিক মিশে থাকে। ভেষজ আবিরে এই ভয় নেই। তাই এই আবিরের চাহিদাও আছে। যোগমায়ার স্বামী উজ্জ্বল সর্দার বলেন, সংসারের কাজ সামলে নিজেই সব জোগাড় করে ভেষজ আবির তৈরি করেছে। ওর তারিফ প্রাপ্য।
  • Link to this news (বর্তমান)