মেট্রোপলিটন-উল্টোডাঙা স্টেশন, ধাপা থেকে আর জি কর, চালু দু’টি সম্প্রসারিত অটো রুট
বর্তমান | ০২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাবি দীর্ঘদিনের। কারণ যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল মানুষকে। সেভাবে কোনো যানবাহনও ছিল না। তাই জনতার দাবি মেনে বেলেঘাটা অঞ্চলের পুরানো দু’টি অটো রুট সম্প্রসারণ করে সম্প্রতি নয়া রুট চালু হয়েছে। এখন ধাপা-মাঠপুকুর থেকে অটোতেই সোজা চলে যাওয়া যাবে আর জি কর হাসপাতালে। আবার ই এম বাইপাস এড়িয়ে মেট্রোপলিটন থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে উল্টোডাঙা স্টেশন। এই সুবিধা নাগালে আসায় স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি।
সম্প্রতি বেলেঘাটা-কাঁকুড়গাছি-ফুলবাগান অঞ্চলের দুই বর্ষীয়ান নেতা তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও জীবন সাহার উপস্থিতিতে নয়া এই সম্প্রসারিত অটো রুটের উদ্বোধন হয়েছে। এতদিন বেলেঘাটা আলোছায়া সিনেমা হলের সামনে থেকে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত যে রুট ছিল, সেটিকে মেট্রোপলিটন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।
মেট্রোপলিটন থেকে ক্যানাল সাউথ রোড, বজরংবলী মন্দির, গগন সরকার রোড, বেলেঘাটা মেইন রোড, আলোছায়া, রাজা রাজেন্দ্রলাল মিত্র রোড, ফুলবাগান, কাঁকুড়গাছি হয়ে উল্টোডাঙা স্টেশন। অন্যদিকে, আর জি কর থেকে বেলেঘাটা আইডি হাসপাতাল পর্যন্ত এতদিন অটো চলত। সেই রুট সম্প্রসারণ করা হয়েছে ধাপা-মাঠপুকুর পর্যন্ত। মাঠপুকুর থেকে ডি সি দে রোড, মথুরবাবু লেন, বাস্তুহারা স্কুল, ক্যানাল সাউথ রোড, বজরংবলী মন্দির, গগন সরকার রোড, সিআইটি মোড়, ফুলবাগান, কাঁকুড়গাছি, মানিকতলা, রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে আর জি কর হাসপাতাল। মাঠপুকুরের বাসিন্দা কৌশিক লোহার বলেন, ‘আমাদের এখান থেকে কাছাকাছি হাসপাতাল বলতে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন মেডিকেল। সেখানে রোগীর প্রেসার বেশি। এখন আউটডোরে ডাক্তার দেখাতে হলে ধাপা থেকে এক অটোতে আর জি কর চলে যাওয়া যাবে। তাছাড়া, ভিতরের এই রাস্তায় যোগাযোগ আরও সহজ হল।’ জীবন সাহা বলেন, ‘অনেকদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের এই দাবি ছিল। মেট্রোপলিটন কিংবা বেলেঘাটার ভিতরের দিকের বাসিন্দাদের উল্টোডাঙায় আসতে বাইপাসে বাস ধরতে হয়। ভিতরে যেসব রাস্তা আছে, অর্থাৎ বিভিন্ন ইন্টারসেকশন, সেখানকার বাসিন্দাদের জন্য যোগাযোগ আরও সহজ হল।’ আইএনটিটিইউসির কলকাতা জেলা সভাপতি হিসেবে স্বপন সমাদ্দার বলেন, ‘অনেকদিন ধরে এই দাবি ছিল। সেই মতো বেলতলা আরটিওতে নতুন দু’টি রুট সম্প্রসারণের আবেদন জানানো হয়। সেখান থেকে অনুমোদন পাওয়ার পরে এই দু’টি রুট চালু হয়েছে।’ মেট্রোপলিটন-উল্টোডাঙা রুটের অটো ইউনিয়নের নেতা অভিজিৎ সরকার বলেন, ‘এই অঞ্চলের ভিতরের রাস্তাগুলিতে যোগাযোগ আরও জোরদার হয়েছে। যে অটো ছিল, সেগুলি দিয়েই আপাতত সম্প্রসারিত রুট চালু করা হয়েছে। এই রুটে যাত্রীর চাপ আছে। আগামী দিনে প্রয়োজন বুঝে আরও অটো নামবে। তেমন ভাবেই মোটর ভেহিকল থেকে অনুমোদন নেওয়া আছে।’