• রাজপুর-সোনারপুর পুরসভার বাগানবাড়ি ঢেলে সাজার উদ্যোগ
    বর্তমান | ০২ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আয়ের থেকে ব্যয় বেড়েছে। সরকারি প্রকল্পের অর্থের বাইরে বাকি খরচ বহন করতে হয় পুরসভাকেই। কী কী করলে নিজস্ব রোজগার বাড়বে, সেটাই বড় চ্যালেঞ্জ তাদের কাছে। রাজপুর সোনারপুর পুরসভা কর সংগ্রহ ও হোর্ডিং থেকে রাজস্ব আদায়ের উপর আগেই জোর দিয়েছিল। এবার বিকল্প পথ বের করেছে। তাদের অধীনে থাকা একমাত্র বাগানবাড়িকে ঢেলে সাজার উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, কেডি মল্লিক নামক বাগানবাড়িটির সৌন্দর্যায়ন করা হবে।

    জানা গিয়েছে, বর্তমানে শীতকাল ছাড়া এই বাগানবাড়ি ভাড়া হয় না। নভেম্বর-ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পিকনিকের জন্য অনেকেই এখানে আসেন। বছরের বাকি সময়টা এমনই পড়ে থাকে এটি। ফলে এই সম্পত্তি থেকে সেভাবে আয় হয় না। তাই সারা বছরই যাতে বিভিন্ন অনুষ্ঠানে বাগানবাড়িটি ভাড়া নেয় মানুষ, সেজন্য এটিকে তৈরি করা হবে।
    পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, কেডি মল্লিক গার্ডেনের আমূল সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলো বসানো থেকে শুরু করে খারাপ অংশগুলি ঠিক করা হবে। কাজও শুরু হয়েছে। সারা বছর যদি এটি ভাড়া দেওয়া যায়, তাহলে পুরসভার নিজস্ব আয় বৃদ্ধি হবে।

    সূত্রের খবর, এই বাগানবাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে পুরসভা। সেটির প্রবেশ পথের গেটটি বেশ খারাপ অবস্থায় ছিল। তার সংস্কার শুরু হয়েছে। ঢুকতেই ডানদিকে একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল। সেটি ভাঙা হয়েছে। যাঁরা পিকনিক করতে আসেন, তাঁদের জন্য পৃথক ঘরগুলিকে নতুন করে তৈরির পরিকল্পনা রয়েছে পুর কর্তৃপক্ষের।
  • Link to this news (বর্তমান)