• দোলে বুকিং নেই, হতাশ পর্যটন ব্যবসায়ীরা, মুর্শিদাবাদে এসআইআরের প্রভাব!
    বর্তমান | ০২ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, লালবাগ: দোলে সাবেক নবাবি তালুক মুর্শিদাবাদ শহরের হোটেলগুলিতে এবার বুকিং খুব কম। হাতে গোনা কয়েকটি হোটেলের কিছু ঘর বুকিং হলেও বেশিরভাগ হোটেল ফাঁকা পড়ে রয়েছে। অথচ অন্যান্য বছরগুলিতে দোলের সপ্তাহ খানেক আগেই অধিকাংশ হোটেলের ঘর বুকড হয়ে যায়। ফলে দোল উৎসব উপলক্ষ্যে তিন চারদিন হোটেল ব্যবসায়ী সহ পর্যটনের সঙ্গে অন্যান্য পেশার মানুষের ভালো লক্ষ্মীলাভ হয়। কিন্তু, চলতি বছরে দোলের একদিন আগে পর্যন্ত পরিস্থিতি হতাশাজনক। ব্যবসায়ীদের দাবি, রমজান মাসের পাশাপাশি ধারাবাহিক এসআইআর প্রক্রিয়ার কারণে হোটেলগুলি ফাঁকা পড়ে রয়েছে। এবার দোলে পর্যটক সমাগম কম হবে বলে মনে হচ্ছে। তবে, রমজান মাস শেষে ইদ উপলক্ষে সপ্তাহ খানেক ধরে পর্যটকদের ভিড় উপচে পড়তে পারে বলে এখন থেকেই তাঁরা আশায় বুক বাঁধছেন।ইতিহাসের শহর মুর্শিদাবাদ।

    শহরের বুক চিরে উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে গিয়েছে ভাগীরথী। ভাগীরথীর পূর্বপাড়ে রয়েছে নবাবি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হাজারদুয়ারি প্যালেসের পাশাপাশি কাটরা মসজিদ, ইমামবারা, জাহানকোষা কামান, কাঠগোলাপ বাগান, মোতিঝিল সহ একাধিক নিদর্শন। পশ্চিমপাড় খোশবাগে রয়েছে সিরাজের সমাধি, হীরাঝিল, ডাহাপাড়া ধাম, সতীপীঠ কিরীটেশ্বরী, বড়নগর প্রভৃতি। দু’পাড়ের স্থাপত্য ও দর্শনীয় স্থানের আকর্ষণে সারা বছর ধরে দেশ বিদেশের পর্যটক সমাগম থাকে। তবে, শীত ও পুজোর মরশুমে পর্যটকদের ঢল নামে, এছাড়াও হোলি, ইদ, বকরি ইদ উপলক্ষ্যে কয়েকটা দিন ভালো পর্যটক সমাগম হয়। তবে, চলতি বছরে পুজো ও শীতের মরশুমে পর্যটকদের সংখ্যা আশানুরূপ ছিল না। গরমের আবেশ পড়তেই দর্শনীয় স্থানগুলি প্রায় পর্যটকশূন্য হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দোল উপলক্ষ্যে দিন কয়েক ভালো পর্যটক সমাগমের আশা করে ছিলেন হোটেল ব্যবসায়ী থেকে বিভিন্ন পেশার মানুষজন। কিন্তু, দোলের একদিন আগে পর্যন্ত হোটেলগুলি প্রায় ফাঁকা পড়ে থাকায় ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।

    হোটেল ব্যবসায়ী স্বপন দাস বলেন, দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি। কিন্তু, এবারের মতো এতটা খারাপ পরিস্থিতি আগে কখনো হয়নি। রবিবার পর্যন্ত মাত্র কয়েকটা ঘর বুকড হয়েছে। অপরএক হোটেল ব্যবসায়ী ভোলানাথ সাহা বলেন, পুজো থেকে যেভাবে চলছে, তাতে মনে হয় না বেশিদিন ব্যবসা চালাতে পারব। লালবাগ টাঙা ইউনিয়নের সম্পাদক মনু শেখ বলেন, এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তাতে পর্যটক সংখ্যা খুব কম হবে বলেই মনে হচ্ছে। মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে কিছু ঘটনায় পর্যটকরা মুর্শিদাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মনে হচ্ছে। প্রশাসনকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ করছি।
  • Link to this news (বর্তমান)