• নামের পাশে 'বিচারাধীন' কেন? কৈফিয়ত চেয়ে বিএলওকে মারধরের হুমকির অভিযোগ
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • এই সময়, ঝাড়গ্রাম: চূড়ান্ত তালিকায় (Final Voter List) কেন তাঁর নামের পাশে 'বিচারাধীন', কৈফিয়ত চেয়ে এক বিএলওকে (BLO) মারধরের হুমকির অভিযোগ উঠল। ঝাড়গ্রাম শহরের (Jhargram News) জঙ্গলখাস প্রাইমারি স্কুলের ২২৪ নম্বর বুথের বিএলও নির্মলেন্দু মাহাতোর দাবি, শনিবার রাতে ফোন করে তাঁকে বলা হয়, '২০০২ থেকে শুরু করে সমস্ত প্রমাণ দিয়েছিলাম। তারপরেও ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন কেন? আপনাকে এত মারব যে আপনি ভাবতে পারবেন না।' বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিককে তিনি জানালে থানায় অভিযোগের পরামর্শ দেওয়া হয়। সেইমতো অজ্ঞাত ওই ফোন নম্বরের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় রবিবার লিখিত অভিযোগ করেছেন নির্মলেন্দু।

    যে নম্বর থেকে ফোন করে বিএলওকে হুমকি দেওয়া হয়, সেই নম্বরে যোগাযোগ করে জানা যায় সেটি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শেখ ইসলামের। তাঁর দিদি মেহেরজান বিবি ওই বুথের ভোটার। তিনি ঝাড়গ্রামের নৃপেণপল্লিতে দিদির বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করেন। ভোটার তালিকায় দিদির নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকায় রাগে বিএলও কে ফোন করে তিনি হুমকি দিয়েছেন বলে স্বীকার করেন শেখ ইসলাম। তিনি বলেন, '২০০২-এর নথি দেওয়ার পরেও দিদির নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকায় রাগে ভুল করে বলেছি। আমি ওঁর কাছে ক্ষমা প্রার্থী।' ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস বলেন, 'অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।'

  • Link to this news (এই সময়)