• SIR-এর চূড়ান্ত তালিকায় বাবা-মায়ের নাম থাকলেও ‘ডিলিট’ তিন ছেলে, সোনারপুরের পরিবার উদ্বিগ্ন
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মিলন পল্লি এলাকায়। চূড়ান্ত ভোটার তালিকায় বাবা-মায়ের নাম থাকলেও ‘ডিলিট’ তিন ছেলের নাম। দিশেহারা সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওই পরিবার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    সূত্রের খবর, এলাকার বাসিন্দা রাজকুমার সাউ এবং তাঁর স্ত্রী মঞ্জু সাউয়ের নাম ভোটার তালিকায় রয়েছে। কিন্তু তাঁদের তিন সন্তান—রজত সাউ, মণীশ সাউ এবং শুভম সাউয়ের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সাউ পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তা সত্ত্বেও কেন তাঁদের নাম বাদ গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

    সাউ পরিবারের তিন ছেলের কেউ ব্যবসা করেন, আবার কেউ বেসরকারি সংস্থায় কর্মরত। এখন নাম সংশোধনের জন্য বারবার সরকারি দপ্তরে দৌড়তে হবে ভেবে উদ্বিগ্ন তাঁরা। কী করে দ্রুত সমস্যার সমাধান হবে, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তাঁরা। পরিবারের অভিযোগ, SIR-এ সঠিক সময়ে সমস্ত নথিভুক্ত জমা দেওয়া হয়েছিল। তার পরেও নাম বাদ পড়েছে।

    রজত সাউ বলেন, ‘আমরা নিয়ম মেনে সমস্ত নথিপত্র জমা দিয়েছি। আমাদের মা-বাবার নামও রয়েছে ২০০২ সালের তালিকায়। তার পরেও আমাদের তিন ভাইয়ের নাম ডিলিট।’

  • Link to this news (এই সময়)