• ফাল্গুনেই কি বৈশাখের গরম? চড়া রোদে নাকাল কলকাতাবাসী, কেমন কাটবে দোল?
    এই সময় | ০২ মার্চ ২০২৬
  • ক্যালেন্ডারে সবে মার্চের শুরু, অথচ মিঠে রোদের বদলে এখনই চড়া রোদ বঙ্গে। দোল ও হোলিতে মেতে ওঠার আগেই শহর কলকাতায় বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মার্চের প্রথম সপ্তাহেই কলকাতার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। মার্চের প্রথম দিনই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যার জেরে এখন থেকেই ফ্যান ছাড়া শান্তি নেই শহরবাসীর।

    সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। যেখানে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকে মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়চড়িয়ে বাড়ছে রোদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৯০ শতাংশ ছুঁয়েছে। যার জেরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে এখন থেকেই নাভিশ্বাস উঠছে মানুষের। তবে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক ভাবে কিছুটা স্বস্তি রয়েছে।

    দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ক্রমশ বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ধীরে ধীরে বাড়বে গরম। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও মালদায় দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। অর্থাৎ, দোল আনন্দে কাটলেও তার পরেই গরমে নাভিশ্বাস উঠতে চলেছে রাজ্যবাসীর, তা বলাই বাহুল্য।

  • Link to this news (এই সময়)